ম্যাসাজ করবে জামা
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশেষ এক জামা তৈরি করেছেন, যা স্বয়ংক্রিয়ভাবে পিঠে ও ঘাড়ে ম্যাসাজ করতে সক্ষম।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, হাঁটাচলার সময়েও এ জামাটি ম্যাসাজ করতে পারে।
বিশেষ এ জামাটিকে ইলেকট্রনিক জামা বললে ভুল হবে না। জামাটির ভেতরে ছোট কয়েকটি মোটর বসানো আছে। কর্নেল শিক্ষার্থীরা জানিয়েছেন, মানসিক চাপ থেকে শরীরে খারাপ প্রভাব পড়ে। এ বিষয়টি থেকেই তাদের মধ্যে এ ধরনের জামা তৈরির ধারণা আসে। এ জামা ম্যাসাজের মাধ্যমে মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করবে।
ইউনিভার্সিটির স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিশেষ এ জামাটি নির্মাতা দলকে ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। এর নির্মাতারা বিশেষ এ জামাটির পেটেন্টের জন্যও গত সপ্তাহেই আবেদন করেছে। তারা জানিয়েছে, পুরস্কারের অর্থের একাংশ এ জামাটির উন্নয়নের কাজে খরচ করার ইচ্ছে রয়েছে তাদের।
