২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদের পথে রোবট এক্সপ্লোরার

চাঁদের পথে যাত্রা শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন মানুষবিহীন এক্সপ্লোরার ‘লুনার অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার (এলএডিইই)। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চাঁদের কক্ষপথে পৌঁছে উপগ্রহটির বায়ুমণ্ডল ও ধুলা নিয়ে গবেষণা চালাবে মানববিহীন নভোযানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

৭ সেপ্টেম্বর রাতে ভার্জিনিয়ার পূর্ব উপকূলে অবস্থিত নাসার ওয়ালপ্স ফ্লাইট ফ্যাসিলিটি থেকে যাত্রা শুরু করে এলএডিইই। রোবট এক্সপ্লোরারটিকে চাঁদের কক্ষপথে পৌঁছে দেবে মার্কিন বিমানবাহিনীর মিনোটর রকেট। নাসার বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদের কক্ষপথে পৌঁছাতে নভোযানটির সময় লাগবে এক মাস।

স্কাই নিউজ জানিয়েছে, চাঁদের বায়ুমণ্ডল সময়ের সঙ্গেসঙ্গে কীভাবে পরিবর্তন হয় এবং চাঁদের ভূপৃষ্ঠ থেকে ধুলা ভেসে বায়ুমণ্ডলে উঠে আসে, তা নিয়ে অনুসন্ধান চালাবে এটি।

পুরো মিশনটিতে নাসার খরচ হচ্ছে ২৮ কোটি ডলার। ছয় মাস ধরে চাঁদের বায়ুমণ্ডলে গবেষণার কাজ করবে এলএডিইই। মিশন শেষে চাঁদের বুকেই বিধ্বস্ত হবে রোবট এক্সপ্লোরারটি।