ভারতে সরকারি কাজে সরকারি ইমেইল
গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে ভারত সরকার নতুন পথ অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়ায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের গুগল ও ইয়াহুর মতো মার্কিন ইমেইল সেবাদাতাদের হাত থেকে বের হয়ে ভারত সরকারের স্থাপন করা নিজস্ব সার্ভারের ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের তথ্য-প্রযুক্তি সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে, ভারতের কোন কোন ব্যক্তি বা দপ্তরকে এ নিয়ম মেনে চলতে হবে। তবে ধারণা করা হচ্ছে, যেসব ব্যক্তি বা দপ্তর দেশটির বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, শুধু তাদের ক্ষেত্রেই সম্পূর্ণ আলাদা এবং সরকারের দেওয়া ইমেইল ঠিকানার মাধ্যমে কাজ চালাতে হবে।
তবে যদি ভারত সরকার সব উচ্চপদস্থ সরকারি কর্মীর ক্ষেত্রেই এ পথ অবলম্বন করে, তাহলে দেশটির চার লাখেরও বেশি কর্মীকে সরকারের দেওয়া ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
