এইচটিসির তিন কর্মী গ্রেপ্তার
বাণিজ্যিক গোপন তথ্য ফাঁস করে দেওয়ার সন্দেহে প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি কর্পোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য ফাঁস হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যেরও পতন ঘটেছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিই প্রতিষ্ঠানটির ডিজাইন নির্বাহী পদে কর্মরত ছিলেন।
আইনজীবীরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিজাইনের ভাইস-প্রেসিডেন্ট টমাস চেইন, রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর উ চেইন-হাং এবং ডিজাইন অ্যান্ড ইনোভেশনের সিনিয়র ম্যানেজার জাস্টিন হুয়াংকে বাণিজ্যিক তথ্য ফাঁসকারী সন্দেহে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।
আইনজীবীদের একজন মুখপাত্র মউ সিন হুয়াং জানিয়েছেন, তিনজনকে গ্রেপ্তার করা হলেও জাস্টিন হুয়াং জামিনে ছাড়া পেয়েছেন এবং এখনও অন্য দুজন চেইন এবং চেইন-হাং পুলিশের জিম্মায় রয়েছেন।
এদের বিরুদ্ধে বাণিজ্যিক তথ্য ফাঁসের অভিযোগের পাশাপাশি ভুয়া কমিশন ফির নাম করে তিন লাখ ৩৪ হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
