২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪ মিনিটে ইন্টারনেট স্ক্যান

কিছুদিন আগ পর্যন্ত সম্পূর্ণ ইন্টারনেট স্ক্যান করতে প্রচুর সময় ব্যয় হত। কিন্তু নতুন এক প্রযুক্তির সাহায্যে এখন মাত্র ৪৪ মিনিটেই স্ক্যান করা যাবে সম্পূর্ণ ইন্টারনেট। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইউনিভার্সিটি অফ মিশিগানের গবেষকরা জেডম্যাপ নামের নতুন প্রযুক্তির এ টুলটি তৈরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 06:43 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এর আগে ইন্টারনেট স্ক্যানে ব্যবহৃত হত এনম্যাপ। কিন্তু ইন্টারনেটে কোটি কোটি অ্যাড্রেস থাকায় কাজটি করতে অনেক সময় লাগত।

উদাহরণ হিসেবে বলা যায়, ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন ২০১০ সালে একবার ইন্টারনেট স্ক্যান করেছিল। স্ক্যানের সম্পূর্ণ প্রক্রিয়াটিতে তাদের সময় লেগেছিল প্রায় তিন মাস।

সম্প্রতি গবেষকরা ইউসনিক্স সিকিউরিটি কনফারেন্সে জেডম্যাপ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং টুলটি প্রদর্শন করেন। অনুষ্ঠানটিতে তারা জেডম্যাপ টুলটি দিয়ে একটি সাধারণ সার্ভারের সাহায্যে সব ইন্টারনেট অ্যাড্রেস মাত্র ৪৪ মিনিটে স্ক্যান করে দেখান। গবেষকরা জানিয়েছেন, জেডম্যাপের কার্যক্ষমতা এনম্যাপের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি।