হ্যাশওয়েল চিপে ইউএসবি বাগ
চতুর্থ প্রজন্মের কোর চিপ ‘হ্যাশওয়েল’-এ ইউএসবি বাগ থাকার খবর নিশ্চিত করেছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, বাগটির কারণে স্ট্যান্ডবাই মোডে যাবার সঙ্গে সঙ্গে গ্রাফিক ইন্টারফেস থেকে অদৃশ্য হয়ে যেতে পারে ইউএসবি ৩ ডিভাইস। ইউএসবি ডিভাইসটি রিমুভেবল হলে কন্টেন্টগুলো দেখার জন্য খুলে আবারও সংযোগ দিতে হতে পারে ব্যবহারকারীকে।
সম্প্রতি প্রকাশিত একটি বিবৃতির মাধ্যমে ইনটেল হ্যাশওয়েল চিপের ইউএসবি বাগের উপস্থিতির খবরটি নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে ইনটেল জানিয়েছে, ‘শুরুর দিকে তৈরি হওয়া হ্যাশওয়েল চিপগুলোতে বাগটির উপস্থিতি থাকলেও এর ফলে ব্যবহারকারীর কোনো ডেটা হারিয়ে যাবার বা নষ্ট হয়ে যাবার আশংকা নেই।’।
ইনটেল আরো জানিয়েছে, হ্যাশওয়লে চিপের নতুন একটি ভার্সন স্যাম্পল হিসেবে ব্যবহারকারীদের হাতে পৌঁছাবে ১৯ এপ্রিল। নতুন ভার্সনটিতে থাকবে না ইউএসবি বাগটি। হ্যাশওয়েল চিপটির চূড়ান্ত ভার্সনটি বিক্রি শুরু হবে ১৫ জুলাই থেকে।
উল্লেখ্য, শীর্ষস্থানীয় পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এর মধ্যেই হ্যাশওয়েল চিপ সরবরাহ করা শুরু করেছে ইনটেল। নতুন প্রজন্মের আল্ট্রাবুক, হাইব্রিড ডিভাইস, ট্যাবলেট পিসি তৈরিতে ব্যবহার করা হবে এটি।
