ভাইরাসযুক্ত অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে সাবধান
স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে কম বেশি সবাই বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। এসব প্রয়োজনীয়, বিনোদনমূলক বা খেলাধুলাভিত্তিক অ্যাপস খুব আকর্ষণীয় হলেও, একই সঙ্গে বেশ ঝুঁকিপূর্ণ। সিকিউরিটিনিউজডেইলি জানায়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে সেই ঝুঁকি দিন দিন বাড়ছে।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা সিমেনটেক-এর একজন গবেষক জেফ্রি উইলহেম জানান, জিপিএস-এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে, এমন ম্যালওয়্যার তো রয়েছেই। এছাড়া মোবাইল ম্যালওয়্যারগুলো সাধারণত টাকা আত্মসাৎ করে। যেমন প্রত্যেক ফোন কলে বাড়তি টাকা কাটা, নতুন কোনো সফটওয়্যার ‘অ্যাক্টিভেট’ করার সময় টাকা কেটে নেয়াসহ নানা ভাবে এরা মোবাইল ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড থেকে টাকা আত্মসাৎ করে। কিন্তু এখন পর্যন্ত এমন কোন উপায় বের হয় নি, যা দিয়ে এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপস শনাক্ত করা যাবে।
যুক্তরাজ্যের অ্যান্টিভাইরাস নির্মাতা ‘সফোস’-এর উপদেষ্টা চেস্টার উইনেস্কির মতে, সবসময় অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে অ্যাপস ডাউনলোড করা উচিত। এছাড়া যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় এর নির্মাতার নাম দেখে নেয়া উচিত। অপরিচিত হলে অবশ্যই একবার ইন্টারনেট ঘেঁটে দেখা উচিত প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য কিনা। তবে, উইনেস্কির মতে, ‘তারপরও ঝুঁকি থেকে যায়’।
জেফ্রি উইলহেম জানান, সম্প্রতি সিমেনটেক ‘অ্যান্ড্রয়েড ফেকেনফ্লিক’ নামে একটি ভাইরাসযুক্ত অ্যাপ শনাক্ত করেছে। এটি অ্যান্ড্রয়েডের জনপ্রিয় অ্যাপ নেটফ্লিক্স ব্যবহারকারীদের অপব্যবহার করছে।
