২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ঝুঁকিতে ৯৪ শতাংশ জাভা ব্যবহারকারী

নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন সিংহভাগ জাভা ব্যবহারকারী। পরিসংখ্যান বলছে জাভা ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৯৪ শতাংশই রয়েছেন সাইবার আক্রমণের ঝুঁকিতে। প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট টেক নিউজ ডেইলি জানিয়েছে, জাভার বিভিন্ন সংস্করণের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে এই ফলাফল জানিয়েছে, ‘অনলাইন সিকিউরিটি ফার্ম’ ওয়েবসিন।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বর্তমানে একটিও জাভা প্লাগ-ইন বা অ্যাড-অন ব্যবহার না করে ইন্টারনেটে ইচ্ছে মতো ঘুরে বেড়ানো বা কাজ করা প্রায় অসম্ভব। বিভিন্ন সংস্করণের জাভা অ্যাপ এবং প্লাগ-ইনের নিরাপত্তা ব্যবস্থা কতোটা শক্ত, সেটা নিয়েই সমীক্ষা চালিয়েছিলো ওয়েবসিন। ওয়েবসিনের তথ্য অনুযায়ী, শতকরা ৬০ থেকে ৯৪ শতাংশ জাভা ব্যবহারকারীই বিভিন্ন এক্সপ্লয়েট কিটের ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে রয়েছে কুল, গং ডা, মিনিডিউক, ব্ল্যাকহোল ২.০, রেডকি এবং ক্রিটএক্সপ্যাকের মতো বান্ডল ম্যালওয়্যার; যারা কেবল জাভা দুর্বলতার সুযোগ নিয়ে ওয়েব ব্রাউজার আক্রমণ করে।

এর মধ্যে ‘কুল’ ম্যালওয়্যারটি ব্যবহারকারীর ক্রেডিট কার্ড ডেটা চুরি করে। অন্যদিকে মিনি ডিউক কম্পিউটার থেকে ব্যবহারকারীরর ব্যাক্তিগত ডেটা চুরির পাশাপাশি প্রয়োজনীয় ফাইল ডিলিটও করে দিতে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, জাভা দুর্বলতা থেকে নিরাপদ থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জাভার সর্বশেষ আপডেটটি ব্যবহার করা। নিরাপত্তা ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে সর্বশেষ জাভা আপডেটের ব্যবহার। আর খুব জরুরি না হলে জাভা প্লাগ-ইনগুলো ‘ব্যবহার না করাই ভালো’- বলেছেন তারা। জাভা ডিসঅ্যাবল করে রেখে কেবল নির্ভরযোগ্য সাইটগুলোর জন্য ‘এক্সেপশন’ হিসেবে প্লাগ-ইনগুলো ব্যবহার করলে সেটাও অনেকাংশে ঝুঁকি কমিয়ে আনে।