আইসিটি সাংবাদিকতায় সম্মাননা পেলেন ভূঁইয়া ইনাম লেনিন
দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিক ভূঁইয়া ইনাম লেনিন এ বছর বিসিএস কমপিউটার সিটির পক্ষ থেকে আইসিটি সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমপিউটার বিচিত্রা জানিয়েছে, ২২ মার্চ ঢাকার বিসিএস কমপিউটার সিটিতে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেন কমপিউটার সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ হাসান জুয়েল।
ভূঁইয়া ইনাম ছাড়াও আজীবন সম্মাননা পেয়েছেন ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান ও বিবিএসের প্রাক্তন মহাসচিব মুনীম হোসেন রানা।
ভূঁইয়া ইনাম সর্বপ্রথম আইডিবি ভবনকে বিসিএসের বার্ষিক কমপিউটার মেলা ও মার্কেট হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেন এবং দেশের তথ্যপ্রযুক্তির সচেতনতা সৃষ্টিতে অবদান রাখেন।
তিনি দেশের সর্বস্তরে আইসিটি ব্যবহারে সচেতনতা ও প্রসারে গত ২৮ বছর তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিভিন্ন মাধ্যমে নিরলসভাবে কাজ করছেন।
১৯৭৩-৭৪ সালে ‘দৈনিক ইত্তেফাক’, ‘দৈনিক বাংলা’ ও ‘দৈনিক বাংলার বাণী’তে লেখালেখির মাধ্যমে তাঁর লেখালেখির শুরু হয়। ১৯৭৮ সালে মাসিক ‘বিজ্ঞান সাময়িকী’তে যোগদান করেন ভূঁইয়া ইনাম। তিনি পাক্ষিক ‘অনন্যা’ ও কমপিউটার জগৎ পত্রিকার প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। তিনি কমপিউটার বিচিত্রা ও বাংলাদেশ কমপিউটার সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করেন।
