যুক্তরাজ্যে গান ও সিনেমাকে ছাড়ালো গেইম বিক্রি
গত বছর যুক্তরাজ্যের বিনোদন জগতের পণ্য বিক্রয়ের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে গেইম ‘কল অফ ডিউটি : ব্ল্যাক অপস ২’। ২৬ লাখ ৭২ হাজারেরও বেশি কপি বিক্রির মাধ্যমে এটি গত বছরের সবচেয়ে বেশি বিক্রিত এমিলি স্যান্ডির গানের অ্যালবাম বিক্রিকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গেইম ডেভেলপার প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস-এর তৈরি তুমুল জনপ্রিয় ফুটবল গেইম ‘ফিফা ১৩’ প্রায় ২৬ লাখ কপি বিক্রি হয়েছে।
এই তালিকায় জনপ্রিয় মুভি ব্যাটম্যান সিরিজের ‘দি ডার্ক নাইট রাইজেস’ এবং দি টোয়াইলাইট সাগা মুভি সিরিজের ‘ব্রেকিং ডন পার্ট-১’ রয়েছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে।
সবচেয়ে বেশি বিক্রির তালিকায় রয়েছে,
কল অফ ডিউটি : ব্ল্যাক অপস ২ (গেইম) - ২৬,৭২,৩৬৪ কপি
ফিফা ১৩ (গেইম) - ২৬,০১,৮৭৭ কপি
দি ডার্ক নাইট রাইজেস (মুভি) - ১৬,৯৪,৪৩৪ কপি
দি টোয়াইলাইট সাগা : ব্রেকিং ডন পার্ট ১ (মুভি) - ১৫,১৫,৬০৪ কপি
এমিলি স্যান্ডে - আওয়ার ভার্সন অফ ইভেন্টস (অ্যালবাম) - ১৪,৪৬,৮৪৪ কপি
এন্টারটেইনমেন্ট রিটেইল অ্যাসোসিয়েশন (ইআরএ)-এর পরিচালক কিম বেইলি এই অবস্থার জন্য ওই বছরে মাত্র কয়েকটি ব্লকবাস্টার মুভি হিট হওয়াকেই দায়ী করেছেন।
সামগ্রিকভাবে গত বছরের তুলনায় বিনোদনের পণ্য বিক্রি ১২ শতাংশ হ্রাস পেয়েছে। বেশ কিছু কারণে ২০১২ সালটি ছিলো বিনোদনের জন্য অত্যন্ত কঠিন একটি বছর।
