২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের পাঁচ আকর্ষণ

২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ফোন ও মোবাইল ডিভাইসের সবচেয়ে বড় প্রদর্শনী, ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। এতে প্রদর্শন করা হবে সর্বাধুনিক মোবাইল ফোন প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন। আর তাই সিএনএন জানিয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের দিকে তাকিয়ে আছে সারাবিশ্বের প্রযুক্তিপ্রেমীরা।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 03:53 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

এবারের প্রদর্শনীতে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো আনছে সর্বশেষ প্রযুক্তির মোবাইল ফোন, ট্যাবলেট ডিভাইস, অ্যাপস ও বিভিন্ন সার্ভিস। প্রদর্শনীতে যেসব প্রযুক্তি ও প্রতিষ্ঠানের দিকে দর্শকদের আকর্ষণ থাকবে, সেগুলো নিয়েই এবারের আয়োজন।

উন্নতমানের ক্যামেরা ফোন

ফটোগ্রাফি থিম নিয়ে গত বছর নোকিয়া প্রদর্শন করেছে মোবাইল ফোনে উন্নতমানের ক্যামেরা। অবিশ্বাস্য হলেও সত্য, নোকিয়ার পিওর ভিউ ক্যামেরা ফোনে ৪২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এবার নোকিয়ার ফোনের চেয়ে উন্নত প্রযুক্তি দেখতে আশাবাদী প্রযুক্তিপ্রেমীরা।

বড় স্ক্রিনের ডিভাইস

বড় স্ক্রিনের দিকে ঝুঁকছে তরুণরা। কয়েকটি প্রতিষ্ঠান এবার ১০৮০ রেজুলিউশনের পাঁচ ইঞ্চি স্ক্রিনের পণ্য প্রদর্শন করবে। হাই ডেফিনিশন টিভিতেও একই সংখ্যক পিক্সেল ব্যবহার করা হয়। ২০১২ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং ছয় ইঞ্চি গ্যালাক্সি নোট ট্যাবলেট ও ফোনের মিলিত রুপ (ফ্যাবলেট) প্রদর্শন করে। ইতোমধ্যে ডিভাইসটি বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ ইউনিট। এবারও থাকতে পারে সেরকম নতুন চমক।

অপ্রতিদ্বন্দ্বী ট্যাবলেট

ল্যাপটপের জায়গাটি দখল করে নিচ্ছে ট্যাবলেট ডিভাইস। আইপ্যাডের মতো ট্যাবলেট ডিভাইস তৈরিতে মনোযোগী হচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্যামসাং ২০১২ সালে এধরনের ডিভাইস বাজারে আনে। তবে ট্যাবলেট ও ল্যাপটপ ডিভাইসের মিলিত রূপটির স্থানটি এখনো ফাঁকাই আছে। এবারের প্রদর্শনীতে সে শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসতে পারে আসুসের মতো প্রতিষ্ঠান।

মজিলা মোবাইল ওএস

ওয়েব ব্রাউজার ফায়ারফক্স নির্মাতা মজিলা মোবাইল ডিভাইসের জন্য তৈরি করেছে অপারেটিং সিস্টেম। অ্যাপলের আইওএস, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পর মাইক্রোসফট তৈরি করেছে উইন্ডোজ ওএস ফোন। মজিলা এবারের কংগ্রেসে মোবাইল অপারেটিং সিস্টেমচালিত ফোন দেখাবে বলে আশা করা হচ্ছে।

হুয়াই

পশ্চিমা দেশগুলোতে চীনা পণ্যের বাজার ধরতে প্রতিষ্ঠানটি দেখাতে পারে নতুন কিছু। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন প্রকাশিত তথ্য অনুযায়ী, স্মার্টফোন বাজারজাতের দিক দিয়ে হুয়াই এখন বিশ্বের তৃতীয়। এক বছরে কোম্পানিটির প্রবৃদ্ধি হয়েছে ৮০০%। কম দামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন বাজারে ছেড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে প্রতিষ্ঠানটি। এবারের প্রদর্শনীতে কি চমক আনছে প্রতিষ্ঠানটি, সেদিকে তাকিয়ে আছে প্রযুক্তি বিশ্লেষকরা।