২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারফেস প্রোতে চলবে সাড়ে সাত লাখ অ্যান্ড্রয়েড অ্যাপ

মাইক্রোসফটের সারফেস প্রো ট্যাবলেটে চলার উপযোগী অ্যাপ্লিকেশনের সংখ্যা কয়েক লাখ হলেও এর মধ্যে খুব অল্প সংখ্যক অ্যাপ্লিকেশনই ডিজাইন করা হয়েছিলো টাচ স্ক্রিন ডিভাইসের জন্য। ফলে অনেক সময়ই সারফেস প্রোতে অ্যাপ নিয়ে বিপাকে পড়তে হয় ব্যবহারকারীকে। এ সমস্যার অনেকটা সমাধান করতে পারে মার্কিন সফটওয়্যার নির্মাতা ব্লুস্ট্যাক্স। গিজম্যাগ জানিয়েছে, ব্লুস্ট্যাক্সের ইমুলেটর অ্যাপ প্লেয়ার ব্যবহার করে সারফেস প্রো তে চলবে সাড়ে সাত লাখ অ্যান্ড্রয়েড অ্যাপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 01:20 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

অ্যাপলের ম্যাক ওএস এক্স আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ব্লুস্ট্যাক্সের অ্যাপ প্লেয়ারটি চালু হয়েছে বছরখানেক আগেই। তবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সারফেস ট্যাবলেটের জন্য অ্যাপ প্লেয়ার চালু হলো এই প্রথমবার।

ব্লুস্ট্যাক্স অ্যাপ প্লেয়ার ব্যবহার করে সারফেসের মেট্রো স্টাইলেই চালানো যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ। উইন্ডোজ ৮-এর সারফেস ট্যাবলেটের টাচ স্ক্রিনের জন্য উপযোগী করে তৈরি অ্যাপ্লিকেশনের ঘাটতি অনেকটাই কমে আসবে এতে।

সারফেস প্রোতে চললেও বাজারে আসা সারফেসের প্রথম মডেল উইন্ডোজ আরটি চালিত সারফেস আরটিতে চলবে না অ্যাপ প্লেয়ারটি। অন্যদিকে সারফেসে অ্যান্ড্রয়েড অ্যাপ চললেও এর কার্যকারিতা কতোটা হবে, তা নিয়ে রয়েছে সন্দেহ। ব্লুস্ট্যাক্স অ্যাপ প্লেয়ার দিয়ে ভিন্ন অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানো গেলেও বারবার ক্র্যাশ করার রেকর্ড রয়েছে এটির।