ইরানের ‘স্টিলথ’ জেট নিয়ে সন্দেহ!
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ইরানের জাতীয় টেলিভিশনে দেশটির বিমানবাহিনীর জন্য তৈরি প্রথম রেডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান দেখিয়েছিলো দেশটির সরকার। কিন্তু এভিয়েশন বিশেষজ্ঞ ডেভিড কনকিওটির বরাত দিয়ে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল বলছে, ইরানের স্টিলথ যুদ্ধবিমানের মালিক হবার দাবি পুরোটাই ভুয়া।
ইরানের সীমিত সামরিক শক্তিকে বড় মাত্রা যোগ করতে পারে স্টিলথ যুদ্ধবিমানটি সত্যিই তৈরি হয়ে থাকলে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, স্টিলথ যুদ্ধবিমানের নামে ইরান সরকার যা দেখিয়েছে, তা আসল কোনো যুদ্ধবিমান নয় বরং প্লাস্টিক দিয়ে বানানো নকল।
এভিয়েশন ব্লগার ডেভিড কনকিওটি দি এভিয়েশনিস্টে লেখেন, ‘সবধরনেই বিমানেই বোল্ট এবং রিভেটের মতো কয়েকটি বৈশিষ্ট থাকেই, সেটা স্টিলথ জেট অথবা সাধারণ বিমান যেটাই হোক না কেন। ইরানের দেখানো স্টিলথ জেটে ওই বৈশিষ্টগুলোর কোনোটাই নেই। ইরান স্টিলথ জেটের যে ছবিগুলো প্রকাশ করেছে সেগুলো প্লাস্টিকের তৈরি নকল বিমানের ছবি।
শুধু প্লাস্টিকের তৈরিই নয়, ইরানের দেখানো যুদ্ধবিমানটি বাস্তবের যে কোনো কার্যকর জেট বিমানের তুলনায় অনেক ছোট বলে মন্তব্য করেন কনকিওটি। তিনি বলেন, ‘ককপিটটি খুব বেশি ছোট। সেটি এতোই ছোট যে, একজন সাধারণ পাইলটের জায়গা হবার কথা নয় সেখানে।’
অনেকটা ব্যঙ্গ করেই কনকিওটি আরো লেখেন, ‘আপনি কখনো এমন কোনো পাইলট দেখেছেন, যার হাঁটু দু’টি ককপিটের সাইড বর্ডারের ওপর দিয়ে বেরিয়ে আছে? অথবা মাথার হেলমেটটি ছাড়িয়ে গেছে ইজেকশান সিটের হেড প্যাড?’
