ফের মার্কিন সাইটে অ্যানোনিমাস আক্রমণ
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সারকারি ওয়েবসাইটের ওপর আক্রমণ চালিয়েছে আন্তর্জাতিক হ্যাকার দল অ্যানোনিমাস হ্যাকাররা। লাইভসায়েন্স জানিয়েছে, এবারের আক্রমণে ইউনাইটেড স্টেটস সেন্টেন্সিং কমিশন (ইউএসএসসি)-এর ওয়েবসাইটের হোম পেইজের দখল নিয়ে তাতে ক্লাসিক আর্কেড গেইম ‘অ্যাস্টেরয়েড’ পোস্ট করে দিয়েছে তারা।
ইন্টারনেট অ্যাকটিভিস্ট অ্যারন সোয়ার্জের মৃত্যুর প্রতিশোধ নিতে, অপারেশন লাস্ট রিসোর্ট নামে ইউএসএসসির ওপর আক্রমণ শুরু করে অ্যানোমিাস হ্যাকাররা। শুক্রবারে শুরু হওয়া এ আক্রমণে প্রথমে সাইটটির হোমপেইজ হ্যাক করে একটি ভিডিও পোস্ট করেছিলো হ্যাকাররা। শনিবার সাইটটির নিয়ন্ত্রণ ইউএসএসসি কর্তৃপক্ষ ফিরে পেলেও রোববার আবার সাইটটি হ্যাক করে হোম পেইজে অ্যাস্টেরয়েড গেইমটি পোস্ট করে দেয় হ্যাকাররা।
রোববার হ্যাকারদের এই টুইটার বার্তায় বলা হয়, ‘৮০-র শতকে নিনটেনডো এন্টারটেইনমেন্ট সিস্টেমে বাড়তি পয়েন্ট পাবার এক জনপ্রিয় উপায় ছিলো কোনামি চিট কোড। কম্পিউটারের কি-বোর্ডে চিট কোডটি হবে অ্যারো কি আপ-আপ-ডাউন-ডাউন-লেফট-রাইট-লেফট-রাইট, এরপর একে একে চাপতে হবে ‘বি’, ‘এ’ এবং ‘এন্টার’।’ এরপর ইউএসএসসির সাইট ঠিক আছে মনে হলেও চিট কোডটি দেবার সঙ্গে সঙ্গে সাইটে চালু হয়ে যাচ্ছিল আর্কেড গেইমটি।
ইন্টারনেট অ্যাকটিভিস্ট অ্যারন সোয়ার্জের মৃত্যুর ঘটনায় অ্যানোনিমাস দুষছে এমআইটি এবং মার্কিন বিচারব্যবস্থাকে। সোয়ার্জের মৃত্যুর পর থেকেই এমআইটি এবং মার্কিন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়মিত আক্রমণ চালাচ্ছে হ্যাকারদের সংগঠনটি।
