২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার মাইল দূরেও তাপ ছড়ায় শহরাঞ্চল

দৈনন্দিন কাজ সারতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ বা তাপশক্তি ব্যবহার করছে এমন শহরগুলো থেকে নির্গমণ হওয়া তাপ পাল্টে দিচ্ছে হাজার মাইল দূরের আবহাওয়া। লাইভসায়েন্স জানিয়েছে, এই তাপ নির্গমণের ফলে উত্তর আমেরিকার তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি ফারেনহাইট আর উত্তর এশিয়ার তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৮ ডিগ্রি। একই হারে কমেছে ইউরোপের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 10:12 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বিজ্ঞানীরা তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন নেচার ক্লাইমেট চেঞ্জ শিরোনামে। বিভিন্ন শহর থেকে নির্গমণ হওয়া এই তাপকে বিজ্ঞানীরা আখ্যা দিয়েছেন ওয়েস্ট হিট বা বর্জ্য তাপ নামে। বিজ্ঞানীরা বলছেন, এই বর্জ্য তাপের কারণে পরিবর্তন আসছে বায়ু সঞ্চালনে। বাধা সৃষ্টি হচ্ছে বায়ুম-লের উপরিভাগ দিয়ে পশ্চিম থেকে পূর্ব এবং উত্তর থেকে দক্ষিণে বয়ে যাওয়া জেট স্ট্রিমে।

বিজ্ঞানীরা বলছেন, আবহাওয়া পরিবর্তন নিয়ে ভবিষ্যৎদ্বাণী করার সময় বর্জ্য তাপের পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনার বাইরে রাখেন অনেক আবহাওয়াবিদই। কিন্তু বর্জ্য তাপের কারণে উৎপত্তিস্থল থেকে ১ হাজার মাইল দূরের আবহাওয়াতেও পরিবর্তন আসছে। প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস দিতে বর্জ্য তাপের পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনায় নেয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিজ্ঞানীরা।

গ্রাম অঞ্চলের থেকে গড় তাপমাত্রা বেশি হয় শহর অঞ্চলে। শহরের দালানকোঠা ও ফুটপাথ প্রচুর পরিমাণে তাপ ধরে রাখে। সাম্প্রতিক গবেষণায় যানবাহন এবং চালাতে প্রচুর শক্তি খরচ হয় এমন যন্ত্রপাতি থেকে নির্গমন হওয়া তাপ গবেষণার অন্তর্ভূক্ত করেন বিজ্ঞানীরা।