২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন আনলকে বিধিনিষেধ যুক্তরাষ্ট্রে

শনিবার থেকে বিশেষ অনুমতি ছাড়া মোবাইল ফোনের সফটওয়্যার লক খুলে ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। বিবিসি জানিয়েছে, কোনো গ্রাহক তার মোবাইল ফোনটি একাধিক নেটওয়ার্কে ব্যবহার করতে চাইলে তার জন্য নিতে হবে বিশেষ অনুমতি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 06:51 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

ব্যক্তিগত স্মার্টফোন দেশের বাইরে ব্যবহারের সময় বাড়তি বিলের ঝামেলা এড়াতে ‘আনলক’ করিয়ে নেন অনেক মার্কিন নাগরিকই। তবে নিয়ম মেনে মোবাইল ফোনের লক খোলাতে হলে মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে বিশেষ আবেদন করতে হয়। এজন্য মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের আলাদা চার্জও করে।

২০১২ সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের একটি পরিবর্তনের কারণে কোনো অনুমতি ছাড়াই ৯০ দিনের জন্য মোবাইল আনলক করার সুবিধা পেয়েছিলেন মার্কিন গ্রাহকরা। শনিবারের পর থেকে আবার আগের মতো অনুমতি নিয়ে সফটওয়্যার লক খুলতে হবে গ্রাহকদের।

এদিকে মোবাইল ফোনের লক যখন ইচ্ছে খোলার ব্যাপারটি বৈধ করার দাবিতে হোয়াইট হাউজের উদ্দেশ্যে করা হয়েছে অনলাইন পিটিশন। ইতোমধ্যেই পিটিশনটিতে ৩ হাজার ৫০০ গ্রাহক স্বাক্ষর করেছেন। তবে মার্কিন সরকারের সাড়া পেতে অন্তত ১ লাখ গ্রাহকের স্বাক্ষর লাগবে।