২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্ন মোবাইলেও আসতে পারে ব্ল্যাকবেরি ১০

স্মার্টফোনের জন্য ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমটি (ওএস) লাইসেন্স করিয়ে নিতে পারে এর নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)-এর কাছ থেকে। সিনেট জানিয়েছে, অপারেটিং সিস্টেমটি লাইসেন্স করিয়ে নেয়ার মাধ্যমে অন্য ব্র্যান্ডের স্মার্টফোনেও এটি ব্যবহারের সুযোগ করে দেবার কথা ভাবছে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

গুগল যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাইসেন্স করিয়ে নেয়ার মাধ্যমে একাধিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে তা ব্যবহারের সুযোগ করে দিয়েছে। ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমটির ক্ষেত্রে রিমও তেমন কোনো পদক্ষেপ নেবে কিনা, এ প্রশ্নের উত্তরে রিম সিইও থর্সটেন হাইনস বলেন ‘অসম্ভব নয় এটি।’

হাইনস জার্মান পত্রিকা ডাই ওয়েল্টকে বলেন, ‘সফটওয়্যারটি লাইসেন্স করিয়ে নেবার আগে এর কার্যক্ষমতা এবং সম্ভাবনার প্রমাণ দিতে হবে। প্রথমে আমাদের সবগুলো প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এরপর লাইসেন্স করার কথা ভাবা যেতে পারে।’

জানুয়ারি মাসের শেষের দিকে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের নতুন স্মার্টফোন দেখানোর কথা রয়েছে রিমের। রিমের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে নতুন স্মার্টফোনটির ওপর। এর আগে কয়েকবার নতুন স্মার্টফোনটি দেখানোর দিন ঠিক করেও পিছিয়ে দিয়েছিলো রিম। ব্ল্যাকবেরি ১০ অপারেটিং-এর স্মার্টফোনটি দিয়েই স্মার্টফোন বাজারের প্রতিদ্বন্দ্বীতায় ফিরতে চাইছে স্মার্টফোন বাজারের সাবেক অধিপতি রিম।