বড়দিনে মহাকাশে যাচ্ছে নাসা’র ‘জেমস ওয়েব টেলিস্কোপ’
বড়দিনে মহাকাশে যাচ্ছে নাসার ‘জেমস ওয়েব টেলিস্কোপ’। নাসার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ এটি। যাত্রার সময়সূচী কয়েকবার পেছানোর পর উৎক্ষেপণের নতুন সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে বড়দিন ভোর ৪টা।
হাবল টেলিস্কোপের উত্তসূরী হিসেবে বিবেচনা করা হচ্ছে টেলিস্কোপটিকে। সহজে বলার স্বার্থে ‘জেডব্লিউএসটি’ এবং ‘ওয়েব’ নামেও ডাকা হচ্ছে একে। মহাকাশ বিজ্ঞানীরা এর নির্মাণ কাজ করেছেন কয়েক দশক ধরে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএস) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)-এর যৌথ প্রকল্প হিসেবে নির্মাণ করা হয়েছে জেডব্লিউএসটি। উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ইএসএ’র আরিয়ান ৫ রকেটে গোটানো অবস্থায় থাকবে টেলিস্কোপটি। ফ্রেঞ্চ গিনিতে অবস্থিত ইএসএ’র ‘ইএলএ-৩’ লঞ্চ কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করবে আরিয়ান ৫।
জেডব্লিউএসটি’র গন্তব্য পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে। মহাকাশের সবচেয়ে পুরনো আর গোপন তথ্য উদঘাটনের লক্ষ্যে টেলিস্কোপটিতে আছে হালের সর্বাধুনিক যন্ত্রপাতি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, মহাজাগতিক অন্ধকার যুগ পেরিয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়া প্রথম আলোর কণার তথ্য সংগ্রহ করবে টেলিস্কোপটি। ধূলিকণার মেঘের আড়ালে লুকিয়ে থাকা যে গ্রহ-নক্ষত্রগুলো হাবলের নজর এড়িয়ে গেছে, সেগুলো চিহ্নিত করতে পারবে জেডব্লিউএসটি। খালি চোখে ধরা পড়ে না এমন ছায়াপথ আর দানবীয় ব্ল্যাকহোলের গহীনে দেখার সক্ষমতাও আছে টেলিস্কোপটির।
