জানালাবিহীন প্লেন আনবে এমিরেটস!
প্লেনে ভার্চুয়াল জানালার প্রথম শ্রেণির নতুন কামরা উন্মোচন করেছে এমিরেটস এয়ারলাইন।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে সরাসরি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার পরিবর্তে পর্দায় ছবি দেখবেন যাত্রী। প্লেনের বাইরে ফাইবার-অপটিক ক্যামেরা দিয়ে এই দৃশ্যগুলো ধারণ করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এমিরেটস-এর পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে পুরোপুরি জানালাবিহীন প্লেন আনার পথ দেখাবে এই প্রযুক্তি। নতুন এই প্লেনগুলো হবে অপেক্ষাকৃত হালকা এবং দ্রুতগতির।
এমিরেটস প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, ছবিগুলো “এতোটাই ভালো, এটি স্বাভাবিক চোখে দেখার চেয়ে ভালো।”
এমিরেটস-এর নতুন বোয়িং ৭৭৭-৩০০ইআর প্লেনের প্রথম শ্রেণির কামরায় দেখা যাবে এই ভার্চুয়াল জানালা।
বিবিসিকে স্যার টিম বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হলো এমন প্লেন আনা যাতে কোনো জানালাই রাখা হবে না।
“চিন্তা করুন আপনি এমন একটি প্লেনে ভ্রমণ করছেন যাতে কোনো জানালা নেই, কিন্তু আপনি যখন ভেতরে ঢুকবেন, সেখানে জানালা থাকবে,” বলেন টিম।
“এখন আপনার এমন প্লেন আছে যাতে যেখানে জানালার কারণে কোনো দুর্বলতা নেই। প্লেনটি আরও হালকা, এটি আরও দ্রুত উড়তে পারে এবং সেগুলো অনেক কম জ্বালানি খরচ করবে এবং আরও উঁচুতে উড়তে পারবে,” যোগ করেন তিনি।
ভবিষ্যত পজন্মের নতুন এই প্লেনের নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির অধ্যাপক গ্রাহাম ব্র্যাথওয়েইট। তিনি বলেন, কোনো জরুরী অবস্থা আছে কিনা তা পর্যবেক্ষণ করতে কেবিন ক্রুদের জন্য প্লেনের বাইরে দেখার ব্যবস্থা রাখতে হবে।
“জরুরী অবস্থায় প্লেনের বাইরে দেখার ব্যবস্থা থাকাটা জরুরী, বিশেষ করে যদি কোনো জরুরী অবতরণের অবস্থা হয়।”
ব্র্যাথওয়েইট আরও বলেন, “জরুরী অবস্থায় কেবিন ক্রুদের প্লেনের বাইরে দেখতে হবে, প্লেন খালি করার আগে বাইরে আগুনের মতো কোনো বিপর্যয় আছে কিনা তা পরীক্ষা করতে হবে।”
অন্যদিকে ইউরোপিয়ান এভিয়েশন সেইফটি এজেন্সির নীতি নির্ধারকরা জানিয়েছেন, “আমরা এমন কোনো নির্দিষ্ট বাধা দেখি না, জানালাসহ প্লেনের মতোই এ ধরনের প্লেনে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”
এভিয়েশন বিশেষজ্ঞ জন স্ট্রিকল্যান্ড বলেন, কোনো জানালা না থাকলে প্লেনটি কাঠামোগতভাবে আরও মজবুত হবে। এমন উদ্যোগের ফলে জ্বালানি খরচও কমবে।
“প্লেনের ওজন কমায় এমন সব কিছুই জ্বালানি খরচ কমাবে,” বলেন স্ট্রিকল্যান্ড।
কিন্তু ব্যক্তিগতভাবে প্লেনের বাইরে দেখতেই পছন্দ করেন তিনি। “আমি কিছুটা জানালাপ্রেমী। আমার জন্য, কৃত্রিম জানালা কোনো বিকল্প নয়।”
