২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ হাজার ডলারে আনলক করা যাবে আইফোন

বরাবরই নিরাপত্তার জন্য খ্যাতি রয়েছে আইফোনের। এমনকি তদন্তের স্বার্থেও আইফোন আনলক বিষয়ে আপোষ করেনি অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 11:23 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

যেকোনো আইফোনই আনলক করা যাবে এবার এমন দাবি করেছে গ্রেশিফট নামের একটি প্রতিষ্ঠান। নতুন আইফোন X-সহ যেকোনো আইফোন আনলক করতে খরচ করতে হবে অন্তত ১৫ হাজার মার্কিন ডলার।

সম্প্রতি ‘গ্রেকি’ নামের টুলের প্রচারণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আইওএস ১০ এবং আইওএস ১১ চালিত যেকোনো আইফোনই আনলক করা যাবে এই টুলের মাধ্যমে, বলা হয়েছে ভারতীয় সংবাদ আইএএনএস-এর প্রতিবেদনে।

পরবর্তীতে আইওএস ৯ চালিত ডিভাইসগুলোও আনলক করা যাবে বলে প্রত্যাশা গ্রেশিফট-এর।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো ১৫ হাজার মার্কিন ডলারে ‘গ্রেকি’ কিনতে পারবেন। এতে ৩০০ বার তারা টুলটি ব্যবহার করতে পারবেন। অসংখ্য আইফোন আনলক করতে চাইলে গুণতে হবে ৩০ হাজার মার্কিন ডলার।

অ্যাপলবিষয়ক খবরের সাইট অ্যাপলইনসাইডার জানায়, ডিভাইস থেকে পুরো ফাইলসিস্টেম বের করতে পারে ‘গ্রেকি’ এবং অ্যাপলের নিরাপত্তা এড়িয়ে পাসকোড ভাঙ্গতে পারে।

এই টুল দিয়ে আইফোন আনলক করতে কোনো ল্যাবের দরকার হয় না। অ্যাপল এটির একটি কপি নিয়ে খতিয়ে দেখতে পারে তা কীভাবে কাজ করে এবং নিরাপত্তা ত্রুটিগুলো সারাতে পারে।

কয়েকদিন আগেই ইসরায়েলি প্রতিষ্ঠান সেলেব্রাইট ঘোষণা করেছে আইফোন X-সহ নতুন আইফোনগুলো আনলক করতে পারবে তারা। প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা জেরেমি নাজারিয়ান বলেন, জনগণের ভালোর জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সেবা দিচ্ছে তারা।