২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ কেন্দ্র থেকে ফিরলেন তিন নভোচারী

মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। মহাকাশ কেন্দ্রে ১৬৮ দিন ছিলেন তারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 08:44 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

পৃথিবীতে ফেরা এই তিন নভোচারী হলেন- নাসা’র মার্ক ভ্যান্ডে, জো আকাবা এবং রাশিয়ার অ্যালেক্সান্ডার মিসুরকিন। বুধবার সুয়োজ এমএস-০৬ মহাকাশযানে করে কাজাখাস্তান-এ নামেন তারা।

তাদের এই যাত্রা সরাসরি সম্প্রচার করা হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ওয়েবসাইটে। এই যাত্রায় তিন নভোচারীর সময় লেগেছে প্রায় তিন ঘন্টা, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনে।

তাদের এই অভিযানের মাধ্যমেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মার্কিন অংশে নভোচারীর সংখ্যা বাড়ানো হয়। আর গবেষণার সময়ও দ্বিগুণ করা হয়।

এই তিন নভোচারীসহ কেন্দ্রটিতে মোট নভোচারী ছিলেন ছয়জন। চলতি বছরের ২১ মার্চ মহাকাশ কেন্দ্রে যাবেন আরও তিন নভোচারী।

মহাকাশ কেন্দ্রে থাকাকালীন চারবার মহাকাশে বিচরণ করেছেন ভ্যান্ডে। আর আকাবা বিচরণ করেছেন একবার।

ফেব্রুয়ারি মাসের শুরুতে আরেক নভোচারী অ্যান্টন শ্যাপলেরোভ-এর সঙ্গে মহাকাশ বিচরণের রেকর্ড গড়েছেন মিসুরকিন। যোগাযোগ অ্যান্টেনার জন্য একটি ইলেকট্রনিক বাক্স পরিবর্তন করতে ৮ ঘন্টা ১৩ মিনিট মহাকাশে ছিলেন তারা, যা রাশিয়ার মহাকাশ গবেষণায় রেকর্ড।

বর্তমানে মহাকাশ কেন্দ্রের বাকি তিন নভোচারী হলেন- কমান্ডার অ্যান্টন শ্যাপলেরোভ, নাসা’র ফ্লাইট ইঞ্জিনিয়ার্স স্কট টিঙ্গেল এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’র নোরিশিয়ে কানাই।

২১ মার্চ নতুন নভোচারী গেলে মহাকাশ কেন্দ্রটির নভোচারী সংখ্যা আবার ছয়জন হবে। এই নভোচারীদের কেন্দ্রে পৌঁছাতে সময় লাগবে দুই দিন।