৪০ দেশ থেকে ফেইসবুকে সরাসরি চাকরির আবেদন
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিতে কাজ করতে চাইলে এখন ৪০টিরও বেশি দেশ থেকে সরাসরি আবেদন করা যাবে।
২০১৭ সালে যুক্তরাষ্ট্র আর কানাডাতে ফেইসবুকে চাকরির আবেদনের ফিচার চালু করা হয়। এবার দেশের সংখ্যাটা আরও বাড়ানো হলো। যদিও কোন কোন দেশ এই ফিচারের আওতায় এসেছে তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ফেইসবুকের লোকাল বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, “স্থানীয় ব্যবসায়গুলো আমাদের সম্প্রদায়ের শক্তি বৃদ্ধি করে আর আমাদের নতুন কর্মসংস্থানের ৬০ শতাংশের বেশি এখান থেকে তৈরি হয়।”
প্রযুক্তি ও মিডিয়া প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট পাঁচ হাজার প্রাপ্তবয়স্ক-কে নিয়ে একটি জরিপ চালিয়েছে। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রতি চারজনের একজন ‘ফেইসবুক’ লিখে চাকরির সন্ধান করেছেন বা পেয়েছেন।
হিমেল বলেন, “যুক্তরাষ্ট্র ও কানাডায় ফেইসবুকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ শুরুর পর আমরা মোবাইল ফোনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ব্যবস্থাপনা আর ইন্টারভিউ নেওয়ার সময় নির্ধারণ করে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ফিচার তৈরি করেছি।”
চাকরি সন্ধানীরা যেসব পদে আগ্রহী সেগুলো নিয়ে চাকরির বার্তা পাওয়ার ব্যবস্থাও ঠিক করতে পারবেন। ফেইসবুক ডটকম/জবস ড্যাশবোর্ড-এ চাকরির সন্ধান করা যাবে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
