অতঃপর ৯ ফেব্রুয়ারি আসছে অ্যাপল হোমপড
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি স্মার্ট হোম ডিভাইস ‘হোমপড’ বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।
২০১৭ সালের ডিসেম্বরেই ডিভাইসটি বাজারে আসার কথা ছিল। দুই মাস বিলম্বের পর এবার স্পিকারটি দিয়ে অ্যামাজন ইকো এবং গুগল হোম ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
অ্যাপলের এআই অ্যাসিস্টেন্ট সিরি রয়েছে স্পিকারটিতে। ২৬ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় ডিভাইসটি অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে।
অ্যাপলের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বজুড়ে প্রচারণা বিভাগের প্রধান ফিল শিলার বলেন, “একটি সুন্দর নকশার মধ্যে হোমপড সম্পূর্ণ অ্যাপল মিউজিক এবং সর্বশেষ সিরি বুদ্ধিমত্তার সঙ্গে বিম-ফর্মিং টুইটারের মতো অডিও প্রযুক্তি, একটি উচ্চমানের উফার এবং স্বয়ংক্রিয় স্থানিক সচেতনতার মতো প্রযুক্তিগুলো নিয়ে এসেছে। ”
“সিরি-কে মিউজিক বিষয়ে গভীর জ্ঞান দিতে দলটি কাজ করেছে যাতে শুধু ‘হেই সিরি’ বলে আপনি আপনার ব্যক্তিগত পছন্দ থেকে বা নতুন উন্মুক্ত হওয়া শীর্ষ মিউজিকগুলো প্লে করতে পারেন।” যোগ করেন শিলার।
২০১৭ সালে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স-এ এআই স্পিকারটি উন্মোচন করা হয়। সিলিন্ডার আকৃতির ডিভাইসটিতে সাতটি টুইটার স্পিকার অ্যারে, একটি চার ইঞ্চি সাবউফার এবং ছয়টির মাইক্রোফোন অ্যারে রয়েছে।
নিরাপত্তার বিষয়ে আলোকপাত করে ডিভাইসটি উন্মোচনের সময় বলা হয়, “অ্যাক্টিভেট হতে ডিভাইসটি সব সময় ‘হেই সিরি’ কমান্ড শুনবে, যতক্ষণ পর্যন্ত এই কমান্ড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অ্যাপল সার্ভারে কোনো তথ্য পাঠানো হবে না।”
নতুন এই হোমপড-এর বাজার মূল্য বলা হয়েছে ৩৪৯ মার্কিন ডলার। চলতি বছরের বসন্তে ফ্রান্স ও জার্মানির বাজারে আসবে স্পিকারটি।
