২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির মামলা: কাঠগড়ায় ফোর্ড

নির্গমন তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড-এর বিরুদ্ধে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 02:36 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

ডিজেলচালিত ট্রাকের নির্গমন তথ্যে জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে ক্লাস অ্যাকশন মামলা করা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে --খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।

মামলায় বলা হয়, ফোর্ড ও গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী জার্মান প্রতিষ্ঠান বশ ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফোর্ড ২৫০ ও ৩৫০ সুপার ডিউটি ডিজেল পিকআপ ট্রাকে নির্গমন জালিয়াতির সফটওয়্যার ব্যবহার করেছে। আর জেনেশুনেই এ কাজটি করেছে প্রতিষ্ঠান দু’টি।

আইনী প্রতিষ্ঠান হ্যাগেনস বার্মানের মতে, আক্রান্ত পিকআপ ট্রাকগুলো থেকে যে পরিমাণ নাইট্রোজেন অক্সাইড নির্গমন হয় তা অনুমোদিত সীমার চেয়ে ৫০ গুণ বেশি।

এই ট্রাকগুলো কিনতে চালকরা পেট্রোল সংস্করণের চেয়ে ৮৪০০ মার্কিন ডলার বেশি মূল্য দিয়েছেন। ডিজেল ট্রাক বেশি সাশ্রয়ী বলেই এই ট্রাকগুলো কিনেছেন তারা।

হ্যাগেনস বার্মান জানায়, এই ট্রাকগুলোকে “সবচেয়ে পরিষ্কার সুপার ডিজেল” হিসেবে প্রচার ও বিক্রি করেছে ফোর্ড। ফোর্ড আরও দাবী করেছে “সর্বশেষ ফেডারেল নির্গমন স্ট্যান্ডার্ড বজায় রাখতে পরীক্ষিত প্রযুক্তি ও ফোর্ডের উদ্ভাবনী কৌশল ব্যবহার করা হয়েছে এতে।”

জালিয়াতির জন্য ফোর্ড ও বশ-এর বিরুদ্ধে ৫৮টি ভোক্তা আইন ভঙ্গের অভিযোগ এনেছে হ্যাগেনস বার্মান।

অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফোর্ড বা বশ কোনো প্রতিষ্ঠানই।