২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে অ্যাপলের লিসা ওএস

অ্যাপলের প্রথমদিকের অপারেটিং সিস্টেম ‘লিসা’ আবার ফিরে আসছে। তবে অ্যাপল নয়, ওই ওএস পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা করছে ক্যালিফোর্নিয়ার কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 03:25 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

লিসা’র সোর্স কোড পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যাদুঘরটি। আর এই কোড পর্যবেক্ষণ করছে অ্যাপল। ম্যাক অপারেটিং সিস্টেম চালু করার আগে লিসা ব্যবহার করে একটি মডেলের কম্পিউটার বাজারে ছাড়া হয়েছিল।

১৯৮৩ সালে প্রথম উন্মুক্ত হয় লিসা। তখন এটি ছিল প্রথমদিককার এমন পার্সোনাল কম্পিউটার যাতে গ্রাফিকাল ইউজার ইন্টারফেইস এবং মাউস ব্যবহারের সুবিধা- দুটিই ছিল। তবে, সে সময় এই মডেলের শুধু ১০ হাজার কম্পিউটার বিক্রি হয়েছিল।

যাদুঘরের সফটওয়্যার তত্ত্বাবধায়ক আল কসো বলেন, “আমি সবাইকে জানাতে চাই যে ওএস এবং অ্যাপ্লিকেশন পুনরুদ্ধার করা হয়েছে, আমি ইউনিক্স এন্ড অফ লাইন কনভেনশনস-এ সেগুলো রূপান্তর করেছি এবং ডিস্ক ইমেইজ শেফ ব্যবহার করে সেগুলো পুনরুদ্ধার করে প্যাসকেল ট্যাবের জন্য জায়গা রাখা হয়েছে এবং সেগুলো অ্যাপল পর্যালোচনা করছে।”

“শেষ হলে, অ্যাপল এটি উন্মুক্ত করার জন্য সবুজ সংকেত দিলে ২০১৮ সালে এটি উন্মুক্ত করা  হবে। একমাত্র জিনিস সম্ভবত যেটি উন্মুক্ত করা সম্ভব হবে না সেটি হচ্ছে লিসারাইট-এর স্পেল চেকার-এর জন্য আমেরিকান হেরিটেজ অভিধান।”

ওএস এবং অ্যাপ্লিকেশন দু’টোরই সোর্স কোড পুনরুদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

১৯৮৩ সালে লিসা কম্পিউটারের মূল্য ছিল ১০ হাজার মার্কিন ডলার। ব্যবসায়িক ক্ষেত্রে মার খেলেও অ্যাপল ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচনা করা হয় এই অপারেটিং সিস্টেমকে।

বলা হয় লিসা’র ব্যর্থতার কারণেই অ্যাপল ছাড়েন স্টিভ জবস। গ্রাফিক ইউজার ইন্টারফেইস সমর্থিত অপারেটিং সিস্টেমের বাজারে বিল গেটস এবং তার সম্পর্কের মাঝে ফাটল ধরার কারণও এটি।

লিসা’র ব্যর্থতার পরই অ্যাপল ছেড়ে নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন জবস। পরবর্তীতে অ্যাপল ওই প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে তাকে আবার প্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়।