২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি স্টার্টআপ কিনলো অ্যাপল

আইওএস ডেভেলপারদের কাজ আরও সহজ করতে কানাডিয়ান ডেভেলপমেন্ট স্টার্টআপ প্রতিষ্ঠান বাডিবিল্ড-কে কিনেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 05:58 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

আইওএস ডেভেলপারদের জন্য ‘বিল্ডিং ইন্টিগ্রেশন’ ও ‘ডিবাগিং’ টুলের মোবাইল ইটারেশন প্লাটফর্ম হলো বাডিবিল্ড। এই প্রতিষ্ঠানকে কিনতে অ্যাপল কী পরিমাণ অর্থ ব্যয় করছে তা এখনও জানা যায়নি-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

বুধবার এক বিবৃতিতে বাডিবিল্ড জানায়, “আমরা এটি জানাতে পেরে উচ্ছ্বসিত যে,  সমগ্র্ আইওএস সমাজের জন্য দারুণ ডেভেলপার টুল বানাতে বাডিবিল্ড দল অ্যাপলের এক্সকোড প্রকৌশলী দলের সঙ্গে যুক্ত হয়েছে।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, অধিগ্রহণ করা হলেও কানাডা’র ভ্যাঙ্কুভারেই থাকছে বাডিবিল্ড। মেধাবী ডেভেলপার ও প্রকৌশলীদের আস্তানা বলা হয় ভ্যাঙ্কুভারকে।

“বর্তমান গ্রাহকরা এখনও বাডিবিল্ড সেবা পাবেন। এর মাধ্যমে আইওএস অ্যাপ তৈরি, পরীক্ষা ও  বাডিবিল্ড ডটকম থেকে তা পরীক্ষকদের কাছে দিতে পারবেন ডেভেলপাররা।”-- বাডিবিল্ড।

নতুন করে আর কোনো গ্রাহক নিচ্ছে না বাডিবিল্ড।

প্রতিষ্ঠানটি আরও জানায়, “বর্তমানে যে ‘ফ্রি স্টার্টার’ ও অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সেবা রয়েছে তা ২০১৮ সালের ১ মার্চ থেকে বন্ধ হয়ে যাবে।”

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানায়, অ্যাপলের আইওএস, ম্যাকওএস, ওয়াচওএস এবং টিভিওএস-এর ডেভেলপমেন্ট টুল এক্সকোড-এ বাডিবিল্ড যোগ করা হতে পারে।

২০১৫ সালে বাডিবিল্ড প্রতিষ্ঠা করেন অ্যামাজন-এর সাবেক দুই কর্মী ডেনিস পিলারিনোস ও ক্রিস্টোফার স্টট।