২২-২৪ ফেব্রুয়ারি বেসিস সফটএক্সপো
ফেব্রুয়ারিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলক কেন্দ্রে (বিআইসিসি) শুরু হতে যাচ্ছে বেসিস সফটএক্সপো ২০১৮।
২২ ফেব্রুয়ারি শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে এবার প্রায় দুইশ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকছে।
বেসিস সফটএক্সপো ২০১৮ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, “দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুইশো প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।”
প্রদর্শনী এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন এবং ক্লাউড কম্পিউটিং জোন।
এছাড়াও থাকবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন শতাধিক দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ।
আয়োজন করা হবে দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্যে বি-টু-বি ম্যাচমেকিং সেশন, যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পসার খুব সহজেই করতে পারবেন।
বাড়তি আয়োজন হিসেবে থাকবে আইটি জব ফেয়ার জোন, যেখান থেকে দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ থাকছে।
সফটএক্সপোতে অংশ নেওয়ার জন্য বেসিস সদস্যদের জন্য অগ্রিম স্টল বুকিং চলছে। অগ্রিম স্টল বুকিংয়ের জন্যে goo.gl/WkUfuV লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে হবে।
