১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

অটোপ্লে মিউট করছে গুগল ক্রোম

ওয়েবসাইটের ভিডিও আপনাআপনি চলতে শুরু করা বা অটোপ্লে ফিচারে পরিবর্তন আনছে গুগল ক্রোম ব্রাউজার। এ ধরনের ভিডিওগুলো মিউট করা হচ্ছে নতুন আপডেটে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 07:27 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

ওয়েবসাইটে ভিডিও কনটেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। ভিডিওর শব্দ অনেকের জন্যই বিরক্তির কারণ। এটি বন্ধ করতে গুগল ক্রোম ব্রাউজারে মিউট অপশন আনা হচ্ছে। ফলে ভিডিওগুলো নিঃশব্দে চলবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

চলতি বছরের সেপ্টেম্বরে গুগলের পক্ষ থেকে বলা হয়, ক্রোম ৬৪-এ গ্রাহকের বেশ কিছু চাহিদার প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে অটোপ্লে ভিডিওর শব্দ মিউট করার বিষয়টিও ছিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “ক্রোমে অ্যাড ব্লকিং ফিচারের আওতায় অটোপ্লে ভিডিও পুরোপুরি ব্লক করতে অনেকদিন ধরেই কাজ করা হচ্ছে।”

আপাতত নতুন ফিচারটি নিয়ে গুগল ক্রোম-এর বেটা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে গ্রাহক সংস্করণেও এটি যোগ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ক্রোম ব্রাউজারের ‘পারমিশন বার’ থেকে ভিডিও মিউট করার অপশন পাওয়া যাবে। প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদাভাবে এটি অ্যাক্টিভেট করতে হবে বলে জানানো হয়েছে। কিন্তু মূল ডোমেইনে ভিডিও মিউট করলে এই ডোমেইনের আওতায় অন্যসব পেইজের জন্যই ভিডিও মিউট হবে।