২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তায় লিঙ্গ বৈষম্য

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোতে যথেষ্টই পিছিয়ে রয়েছে নারীরা। এই খাতে লিঙ্গ বৈষম্যের হার তাই অনেক বেশি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 05:12 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

ফরচুন ম্যাগাজিনের ৫০০ প্রতিষ্ঠানের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও)  পদের ৮৭ শতাংশ দখল করে আছেন পুরুষ কর্মী-- খবর আইএএনএস-এর।

বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টার-এর তথ্যেও একই অবস্থা দেখা গেছে। প্রতিষ্ঠানটির তথ্যানুসারে, সিআইএসও পদে পুরুষদের আধিপত্য অনেক বেশি। আর ফরচুন-এর ২০ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুইজন নারী কর্মী এই পদে রয়েছেন।

ফরেস্টার-এর প্রধান বিশ্লেষক জেফ পোলার্ড বলেন, “লিঙ্গ বৈষম্যের এই পরিমাণ গরমিল একটি স্পষ্ট ব্যর্থতা। এটি একটি জরুরী সংকেত যা আমাদেরকে সতর্ক করছে যে সাইবার নিরাপত্তা খাতে নারী মেধাবীদের স্বাগত জানানো, ডেভেলপ করা এবং পদোন্নতির ক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে।”

ফরচুন-এর ৫০০ প্রতিষ্ঠানের ৪৫ শতাংশ সিআইএসও এসেছেন এমবিএ ডিগ্রি নিয়ে। ব্যবসায়িক অবস্থা বুঝতে এবং চিন্তা করতে এই পদে প্রযুক্তি বিষয় নিয়ে পড়ালেখা করা ব্যক্তির চেয়ে ব্যবসায়িক বিষয় নিয়ে পড়ালেখা করা ব্যক্তিদের প্রাধান্য বেশি দেখা গেছে।

এর পাশাপাশি ৫০০ প্রতিষ্ঠানের সিআইএসও পদের ১১ শতাংশ এসেছেন সেনাবাহিনী থেকে। আর চার শতাংশ এসেছেন আইন প্রয়োগকারী সংস্থা থেকে।

প্রায় ৫৯ শতাংশ সিআইএসও নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানের বাইরে থেকে। আর ফরচুন-এর ১০০ প্রতিষ্ঠানের মধ্যে এই হার ৬৪ শতাংশ।