অ্যাপ স্টোরে চীনা নির্মাতাদের আয় ১৬৯৩ কোটি ডলার
চীনা অ্যাপ স্টোরে ডেভেলপারদের আয়ের হিসাব প্রকাশ করেছেন অ্যাপল প্রধান টিম কুক।
রোববার সাইবারসিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না’র আয়োজনে চীনের সর্বোচ্চ পাবলিক সাইবার পলিসি ফোরামে বক্তৃতা প্রদানকালে কুক বলেন, দেশটিতে ১৮ লাখ ডেভেলপার তাদের প্লাটফর্ম ব্যবহার করছেন। অ্যাপ স্টোর থেকে চীনা ডেভেলপারদের আয় হয়েছে ১৬৯৩ কোটি মার্কিন ডলার।
অ্যাপ স্টোর থেকে চীনা ডেভেলপারদের এই আয় বিশ্বব্যাপী ডেভেলপারদের মোট আয়ের চার ভাগের প্রায় একভাগ বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
চলতি বছরের শুরুতে অ্যাপল জানায়, অ্যাপ স্টোরে ডেভেলপাররা মোট আয় করেছে সাত হাজার কোটি মার্কিন ডলার।
এ বছর বেইজিংয়ের সাইবার নীতি নির্ধারকদের চাপের মুখে অ্যাপ স্টোর থেকে মেসেজিং অ্যাপ, ভিপিএনসহ শত শত অ্যাপ সরিয়ে ফেলে অ্যাপল। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সমালোচনা করছেন চীনের স্থানীয় গ্রাহকরা। ভিপিএন অ্যাপগুলো তাদেরকে চীনের গ্রেট ফায়ারওয়াল ফাঁকি দিতে সহায়তা করতো।
বিক্রির দিক থেকে অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীন। কিন্তু সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রতিষ্ঠানগুলো উচ্চমানের হ্যান্ডসেট তৈরি করায় কিছুটা বাজার হারিয়েছে প্রতিষ্ঠানটি।
