স্ট্রিমিংয়ে নেই সুইফট-এর ‘রেপুটেশন’
ইতোমধ্যে খুচরা দোকান আর অনলাইন আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে পপ তারকা টেইলর সুইফট-এর নতুন অ্যালবাম ‘রেপুটেশন’। বাজারে আসার আগেই ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে যা অনুমান করা হয়েছিল তাই হয়েছে, অ্যালবামটি অ্যাপল মিউজিক আর স্পটিফাইয়ে পাওয়া যাচ্ছে না।
বিনোদনভিত্তিক মার্কিন সাপ্তাহিক সাময়িকী ভ্যারাইটি বিভিন্ন সূত্রের বরাতে জানায়, সুইফট স্ট্রিমিং প্লাটফর্মগুলোতে অন্তত প্রথম সপ্তাহে এই অ্যালবাম না রাখার পরিকল্পনা করছেন।
সুইফট-এর রেকর্ডিং প্রতিষ্ঠান বিগ মেশিন জানিয়েছে, তাদের আশা হচ্ছে প্রথম সপ্তাহে অ্যালবামটি প্রায় ২০ লাখ ইউনিট বিক্রি হবে। অন্যদিকে, ভ্যারাইটি সূত্রমতে বিক্রির অংকটা ১৩ থেকে ১৫ লাখের মধ্যে থাকবে।
সাম্প্রতিক সময়ে স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সুইফট-এর সম্পর্কে জোয়ার-ভাঁটা চলছে বলে উল্লেখ করা হয় ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
২০১৪ সালে বাজারে আসা নিজের ‘১৯৮৯’ অ্যালবামটি স্পটিফাইয়ে রাখেননি সুইফট। সে সময় ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এ লেখা এক মতামত প্রতিবেদনে তিনি বলেছিলেন, “সঙ্গীত বিনামূল্যে হওয়া উচিৎ নয়, এটি আমার মত।” স্পটিফাই ওই অ্যালবাম তাদের প্লাটফর্মে বিনামূল্যে স্ট্রিম করাতে চেয়েছিল।
অন্যদিকে, ‘১৯৮৯’ অ্যালবামটি অ্যাপল মিউজিকে স্ট্রিম করাতে দিয়েছিলেন সুইফট। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের এই মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম অ্যালবামটি বিনামূল্যে স্ট্রিম করতে দেওয়ার কোনো প্রস্তাব দেয়নি। অ্যালবামটি এক কোটি ইউনিট কোটি বিক্রির পর এটিকে স্পটিফাইয়ে দিয়েছিলেন সুইফট।
‘রেপুটেশন’ অ্যালবামটি বর্তমানে আইটিউন্স স্টোরে পাওয়া যাচ্ছে বলে বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
