২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্ক্রিন বার্ন-ইন’ শঙ্কা আইফোন X-এ

গুগল পিক্সেল ২-এর পর এবার ‘স্ক্রিন বার্ন-ইন’ শঙ্কা দেখা দিয়েছে অ্যাপলের নতুন আইফোন X-এ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 05:51 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

কোনো ইলেকট্রনিক ডিসপ্লেতে পিক্সেলের অনিয়মিত ব্যবহারের কারণে ডিসপ্লে’র কোনো অংশ স্থায়ীভাবে বিবর্ণ হয়ে গেলে এই সমস্যাকে স্ক্রিন বার্ন-ইন বলা হয়।

ইতোমধ্যেই পিক্সেল ২-এর স্ক্রিন বার্ন-ইন নিয়ে সমালোচনা হয়েছে। পরবর্তীতে ডিভাইসের ওয়ারেন্টি দ্বিগুণ করেছে গুগল। ওয়ারেন্টি বাড়ালেও সমস্যা যে রয়েছে তা নিশ্চিত।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে বলা হয়, এবার আইফোন X নিয়েও একই ধরনের শঙ্কা দেখা দিয়েছে। স্যামসাংয়ের অ্যামোলেড প্রক্রিয়ায় তৈরি হয়েছে এই ডিভাইসের ওলেড পর্দা। আর পিক্সেল ২ এক্সএল-এ ব্যবহার করা হয়েছে এলজি’র পোলেড প্রযুক্তি।

শুক্রবার পর্দা সমর্থন পেইজ আপডেট করেছে অ্যাপল। এতে বলা হয়, আইফোন X-এও কিছুটা ‘ইমেইজ রিটেনশন’ দেখা দিতে পারে।

যদিও অ্যাপল দাবি করছে, “তাদের পর্দা কোনো স্মার্টফোনে ব্যবহার করা সবচেয়ে ভালো ওলেড পর্দা এবং এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বার্ন-ইন ইফেক্ট কমিয়ে বাজারের অন্য যেকোনো পর্দাকে পেছনে ফেলতে পারে।”

অ্যাপল জানায়, “দীর্ঘ সময় ধরে ব্যবহার করার ফলে ওলেড পর্দাতেও কিছু দৃশ্যমান পরিবর্তন দেখা দিতে পারে। এটিও প্রত্যাশিত আচরণ এবং এতে ‘ইমেইজ পারসিসটেন্স’ বা ‘বার্ন ইন’ দেখা দিতে পারে। ফলে পর্দায় নতুন ছবি দেখানো হলেও পুরানো ছবির কিছুটা বিবর্ণ চিত্র দেখা যেতে পারে।”

এ বিষয়ে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।