২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকের দরজা খুলবেন অ্যামাজন কর্মী

গ্রাহকের বাড়ির সামনের দরজা খুলে ঘরের ভেতর পণ্য সরবরাহ করতে পারবেন অ্যামাজনের সরবরাহকারী ব্যক্তি, এমন সেবা চালু করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 03:20 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

‘অ্যামাজন কি’ নামের এই সেবায় পণ্য সরবরাহকারী ব্যক্তি স্মার্টফোন অ্যাপ দিয়ে গ্রাহকের বাড়ির সামনের দরজা খুলতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এই সেবার জন্য একটি স্মার্ট লক ও ক্লাউড ক্যাম ক্যামেরা থাকতে হবে গ্রাহকের। সরবরাহকারী পণ্যের বারকোড স্ক্যান করবেন। একবার সেটি অনলাইনে যাচাই হলে ক্যামেরাতে ফুটেজ রেকর্ডিং শুরু হবে এবং সরবরাহকারী ব্যক্তি অ্যাপ দিয়ে দরজা আনলক করতে পারবেন।

এ ক্ষেত্রে গ্রাহক সরবরাহ লাইভ দেখার বা সংক্ষিপ্ত ভিডিও দেখার অপশন বাছাই করতে পারবেন। এ বিষয়ে একজন বিশ্লেষক বলেন, গ্রাহক এটি ব্যবহার করার আগে তাদের আশ্বস্ত হতে হবে যে ব্যবস্থাটি নিরাপদ।

এই ডিভাইসের মাধ্যমে বাড়ি পরিচ্ছন্নতা কর্মী বা মেহমানদেরকেও বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

কয়েক বছর ধরেই পণ্য সরবরাহ সেবা উন্নত করার চেষ্টা চালাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডি’র সঙ্গেও একটি সরবরাহ সেবা চালু করে প্রতিষ্ঠানটি। এতে গাড়ির ট্রাংকে পণ্য সরবরাহ করা হয়।

সিসিএস ইনসাইট-এর বিশ্লেষক বেন উড বলেন, “মনে হচ্ছে বাড়ির সম্ভাব্য সব বিষয়ে প্রবেশ করতে অ্যামাজন এক অপ্রতিরোধ্য মিশনে নেমেছে।”

নিরাপত্তার প্রসঙ্গে উড বলেন, “আমার মনে হয় কানেক্টেড স্মার্টলকে নিরাপত্তা নিশ্চিত করতে অনেক কাজ এখনো বাকি আছে।”

আগের মাসে একই ধরনের সেবা উন্মোচন করেছে অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নেস্ট।

প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭টি শহরে এই সেবা চালু করবে অ্যামাজন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “এই ব্যক্তিদের বিশেষভাবে যাচাই করা হবে, বিস্তীর্ণভাবে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই ও মোটরযান রেকর্ড নজরদারিতে রাখা হবে।”

গ্রাহককে পণ্য সরবরাহের দিন তাদের নিরাপত্তা ব্যবস্থা শিথিল করতে হবে যাতে পণ্য সরবরাহকারী ঘরে প্রবেশ করতে পারেন।

অ্যামাজনের ক্লাউড ক্যাম-এর দাম বলা হয়েছে ১২০ মার্কিন ডলার। আর স্মার্টলক ও ইনস্টলেশনসহ এর দাম পড়বে ২৪৯.৯৯ ডলার।