ওয়্যারলেস চার্জিং প্রতিষ্ঠানকে কিনলো অ্যাপল
নিউ জিল্যান্ডভিত্তিক ওয়্যারলেস চার্জিং প্রতিষ্ঠান পাওয়ারবাইপ্রক্সি-কে কিনেছে অ্যাপল।
সম্প্রতি আইফোন ৮ ও আইফোন X-এ প্রথমবারের মতো ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। পাওয়ারবাইপ্রক্সি নামের প্রতিষ্ঠানকে কেনার কথা বলা হলেও ক্রয় মূল্য প্রকাশ করেনি অ্যাপল, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
‘চি ওয়্যারলেস’ স্ট্যান্ডার্ডভিত্তিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিতে বিশেষজ্ঞ বলা হয় পাওয়ারবাইপ্রক্সি-কে।
২০০৭ সালে পাওয়ারবাইপ্রক্সি প্রতিষ্ঠা করেন অকল্যান্ডের উদ্যোক্তা ফেডি মিশরিকি। সেসময় প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল মোবাইলের মতো দৈনন্দিন ডিভাইসগুলো যাতে প্লাগ না লাগিয়েই চার্জ করা যায়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ৫৫ জন কর্মী ও ওয়্যারলেস চার্জিং সম্পর্কিত ৩০০টির বেশি পেটেন্ট রয়েছে পাওয়ারবাইপ্রক্সি’র।
এ বিষয়ে অ্যাপলের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট ও হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান ড্যান রিসিও বলেন, “অ্যাপল যেহেতু তারহীন ভবিষ্যতের জন্য কাজ করছে সেখানে পাওয়ারবাইপ্রক্সি দলের অন্তর্ভূক্তি হবে দারুণ।”
“আমরা আরও বেশি জায়গা ও বিশ্ব জুড়ে আরও গ্রাহকের কাছে সত্যিকারের ঝামেলাহীন চার্জিং ব্যবস্থা আনতে চাই,” যোগ করেন তিনি।
আগের মাসে আইফোন ৮, ৮ প্লাস ও আইফোন X-এ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি উন্মোচন করে অ্যাপল। ‘চি ইকোসিস্টেমের’ সঙ্গে কাজ করবে এই চার্জিং প্রযুক্তি। উন্মোচন অনুষ্ঠানে বেলকিন ও মোফি’র দুইটি চার্জিং ম্যাটও এনেছে অ্যাপল।
এর পাশাপাশি নিজস্ব ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে বাজারে আসবে তাদের নতুন এই চার্জিং প্রযুক্তি। অনুষ্ঠানে এর একটি সংক্ষিপ্ত ডেমো দেখিয়েছে অ্যাপল। এই ব্যবস্থায় একটি চার্জিং প্যাডে একসঙ্গে আইফোন, অ্যাপল ওয়াচ সিরিজ ৩ ও এয়ারপড চার্জ করতে পারবেন গ্রাহক।
বর্তমানে তৃতীয় পক্ষের ওয়্যারলেস চার্জিং প্যাড দিয়ে আইফোন ৮ চার্জ করতে পারবেন গ্রাহক। কিন্তু সেক্ষেত্রে ৫ ওয়াটের বেশি পাওয়ার পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
