২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমলো টেসলার শেয়ার মূল্য

মঙ্গলবার দুই শতাংশ পড়ে যায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য। উন্মুক্ত বাজারে নিজেদের নতুন মডেল ৩ সেডান গাড়ির উৎপাদন বাধাগ্রস্থ হয়েছে বলে জানানোর পর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যে এ প্রভাব পড়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 07:46 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

চলতি বছর জুলাইয়ে টেসলা মডেল ৩ উৎপাদন শুরু করে। ওই প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২৬০টি গাড়ি বানিয়েছে আর এখন পর্যন্ত ২২০টি গাড়ি সরবরাহ করেছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সোমবার এক গবেষণাপত্রে বিশ্লেষণা প্রতিষ্ঠান কোওয়েন অ্যান্ড কো-এর পক্ষ থেকে বলা হয়, ওই প্রান্তিকে ২৬০টি মডেল ৩ সেডান বানানো হয়েছে যা দেড় হাজার গাড়ি বানানোর লক্ষ্যের চেয়ে অনেক কম। এর ফলে ২০১৭ সালের শেষে সপ্তাহে পাঁচ হাজার গাড়ি বানানোর যে লক্ষ্য টেসলা নিয়ে তাও ঝুঁকির মুখে পড়েছে।

প্রত্যাশা মেটাতে না পারা এই পারফরমেন্স প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যে প্রভাব ফেলেছে বলে মত বিশ্লেষণা প্রতিষ্ঠানটির। 

জুলাইয়ের শেষ দিকে মডেল ৩ গাড়ির সরবরাহ শুরু করেছে টেসলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট-এ প্রতিষ্ঠানের হাজারো কর্মীর সামনে এক অনুষ্ঠানে প্রথম ৩০টি মডেল ৩ গাড়ি গ্রাহকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের কিছুটা সস্তা গাড়ি মডেল ৩। এটির সর্বনিম্ন মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, যা মডেল এস বা মডেল এক্স-এর দামের অর্ধেকেরও কম।

চলতি বছরের ডিসেম্বরে আরও ২০ হাজার মডেল ৩ তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আর ২০১৮ সালে আরও চার লাখ মডেল ৩ বানাবে তারা। এ বছর প্রতিষ্ঠানটির মোট পাঁচ লাখ মডেল ৩ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

জুন প্রান্তিকে টেসলা’র নগদ অর্থের পরিমাণ ছিল ৩০০ কোটি মার্কিন ডলার। এর আগের প্রান্তিকে এই অর্থের পরিমাণ ছিল ৪০০ কোটি ডলার। আর এক বছর আগে তাদের নগদ অর্থ ছিল ৩২৫ কোটি মার্কিন ডলার।

শেষ খবর পাওয়া পর্যন্ত টেসলার প্রতি শেয়ারের মূল্য ছিল ৩৩৪.৯৭ ডলার।