২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মশা মারতে এলজি দাগা!

কামান দাগানোর দিন শেষ, এবার এবার মশা মারতে এলজি'র ফোন দাগালেই হবে!

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 06:29 PM

Updated : 25 Jul 2022, 09:05 PM

চলতি সপ্তাহে অনুষ্ঠিত মোবাইল কংগ্রেস-এ নতুন স্মার্টফোন উন্মোচন করেছে এলজি। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির দাবি গ্রাহককে ম্যালেরিয়ার থেকে বাঁচাবে কে৭আই মডেলের এই ফোনটি।

স্মার্টফোনের নতুন প্রযুক্তি মশা দূর করবে বলে জানিয়েছে এলজি। ফোনের পেছনে মেশ গ্রিড থেকে আল্ট্রাসনিক তরঙ্গ বের হবে যা মশা তাড়াবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “এই তরঙ্গ কীট প্রতিরোধ করবে এবং মানবদেহের জন্য পুরোপুরি নিরাপদ।”

এর আগেও এয়ার কন্ডিশনার, টিভিসহ অন্যান্য পণ্যে মশা তাড়ানোর প্রযুক্তি ব্যবহার করেছে এলজি। এছাড়া এমন অনেক অ্যাপ আছে যেগুলোতে একই ধরনের প্রযুক্তি রয়েছে। তবে, এলজি’র দাবি প্রথমাবের মতো কোনো স্মার্টফোনে এই প্রযুক্তি আনা হলো।

ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য রাখা হয়েছে ৭৯৯০ রুপি বা ১২২ মার্কিন ডলার। অন্যান্য বাজারেও কে৭আই উন্মোচনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

অনেক বছর ধরেই মশার মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ বেড়ে চেলেছে ভারতে। প্রতি বছরই দেশটিতে কয়েক হাজার মানুষ এতে আক্রান্ত হয় বলে প্রতিবেদনে বলা হয়।

ভারতে এলজি’র প্রধান বিপণন কর্মকর্তা আমিত গুজরাল বলেন, “ভারতীয় গ্রাহকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এটি প্রতিষ্ঠানটির একটি মাইলফলক।”

প্রযুক্তিটি কয়েকবার পরীক্ষা করেছে এলজি যার সনদ দিয়েছে ভারতের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড টক্সিকোলজি। মশাবাহিত রোগগুলোর ৭২ শতাংশ প্রতিরোধ করতে পেরেছে এই প্রযুক্তি।