ঢাকায় শুক্রবার শুরু ‘সার্ক টেক সামিট’
সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হচ্ছে ‘সার্ক টেক সামিট-২০১৭’।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ঢাকার ওয়েস্টিন হোটেলে শুক্রবার দুইদিনের এই সামিটের উদ্বোধন করবেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সিটিও ফোরাম বাংলাদেশ ও ইনফোকম, কলকাতার যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রথম দিন দুপুর আড়াইটা থেকে রাত ৯টা এবং শেষ দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টেক সামিট সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশে চতুর্থবারের মতো এ সামিটের আয়োজন করা হচ্ছে জানিয়ে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে এবং আন্তঃআঞ্চলিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সম্পর্ক জোরদার করতে এই টেক সামিট অনুষ্ঠিত হবে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এতে যোগ দিচ্ছে বলে তিনি জানান।
“সার্কভুক্ত অন্যান্য দেশের তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মতবিনিময় এবং সাইবার নিরাপত্তার বিষয়টিকে কিভাবে আরো জোরদার করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই এই আয়োজন।”
সিটিও ফোরাম বাংলাদেশ ও ইনফোকম, কলকাতার যৌথ আয়োজনে টেক সামিটের সহযোগিতায় রয়েছে সার্ক চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সামিটে তথ্যপ্রযুক্তিভিত্তিক সাম্প্রতিক আলোচনা, ব্যবসায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুবিধা এবং নিরাপত্তা বিষয়ক নয়টি সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।
সেমিনারগুলোতে বিগডাটা, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল বিজনেজস সিকিউরিটি এবং পাওয়ার অব প্লাস্টিক মানিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সিটিও ফোরামের কোষাধ্যক্ষ এমএআর মইনুল ইসলাম, ফোরামের যুগ্মসচিব মো. আরফি এলাহি মানিক, কলকাতা আনন্দবাজার পত্রিকার আইটি ইনফ্রাস্ট্রাকচার ও সিআইএসওর প্রধান ব্যবস্থাপক আব্দুর রাফি, সামিটের কার্যকরী কমিটির সদস্য মো. আজিমুল হক, ইসলামি ব্যাংকের ডিএমডি তাহের আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
