২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ব্যবহারে ভারত শীর্ষে

ফেইসবুকের সবচেয়ে বেশি ব্যবহারকারীর দিক থেকে যুক্তরাষ্ট্রকে টপকে এক নাম্বারে উঠে এসেছে ভারত। শহরভিত্তিক এই তালিকায় তৃতীয় স্থানে আছে ঢাকা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 07:46 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

ভারতে এখন মোট ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ কোটি ১০ লাখ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অংকটা ২৪ কোটি।

প্রযুক্তি সাইট নেক্সট ওয়েব এক প্রতিবেদনে সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হুটসুট-এর তৈরি একটি তালিকা প্রকাশ করেছে।

শহরভিত্তিক তালিকায় শীর্ষে আছে ব্যাংকক, যেখানে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সাড়ে তিন কোটি। দ্বিতীয় অবস্থানে থাকা জাকার্তায় অংকটা ২.৬ কোটি ও তৃতীয় অবস্থানে থাকা ঢাকার ক্ষেত্রে তা হচ্ছে আড়াই কোটি। ঢাকার পরে ক্রমান্বয়ে মেক্সিকো সিটি, ইস্তানবুল, নয়াদিল্লি, লিমা, কায়রো, সাও পাওলো ও হো চিন মিন-এর অবস্থান। আর দেশভিত্তিক তালিকায় ভারত ও যুক্তরাষ্ট্রের পড়ে রয়েছে- ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ফিলিপিন্স, ভিয়েতনাম, থাইল্যান্ড,তুরস্ক ও যুক্তরাজ্য।  

সম্প্রতি বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা দুইশ’ কোটি ছাড়িয়েছে বলে ঘোষণা দেয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এর কিছুদিন পর প্লাটফর্মটি ব্যবহারে দেশগুলোর তালিকায় শীর্ষ পর্যায়ে এই পরিবর্তন এল, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। দেশভিত্তিক ব্যবহারকারীর সংখ্যা ফেইসবুক তাদের বিজ্ঞাপনদাতাদের উদ্দেশ্যে প্রকাশ করেছে।

এই অংক থেকে বোঝা যায়, ভারতের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলিনায় দ্বিগুণ হারে বাড়ছে- বলা হয়েছে প্রতিবেদনে। 

প্রতিবেদনে আরও বলা হয়, “শেষ ছয় মাসে ভারতের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে। আর একই সময়ে যুক্তরাষ্ট্রে এই বৃদ্ধির হার ১২ শতাংশ।”

ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে প্লাটফর্মটির জন্য ভারত সবচেয়ে বড় দেশ হলেও, দেশটির বাজারে প্রতিষ্ঠানটির দখল অনেক কম বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫৪ শতাংশই নারী যেটি ভারতে মাত্র এক চতুর্থাংশ, আর ভারতে সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি ব্যবহারকারীর বয়স ২৫ বছরের কম।