২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

নেট বিভ্রাট, সোমালিয়ার দিনে ক্ষতি কোটি ডলার

চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে প্রতিদিন এক কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে সোমালিয়া, দেশটির সরকার এ তথ্য দিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 03:10 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

দেশটির দক্ষিণাঞ্চলে এই বিভ্রাট দেখা দিয়েছে। দুই সপ্তাহ আগে সাগরের তলদেশে একটি ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্থ হওয়ার পর এই সমস্যা শুরু হয়, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। 

সোমালিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদি আনশুর হাসান এই ঘটনাকে একটি ‘বড় বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। এর ফলে সোমালিয়া ‘১৩ কোটি ডলারেরও বেশি’ ক্ষতির শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। 

‘এই কেবল ঠিক করা হচ্ছে ও চলতি সপ্তাহে এই সেবা পুনরায় চালু হবে’ বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০ বছরেরও বেশি সময় ধরে নানা সংঘর্ষের মধ্যে থাকা সোমালিয়ায় ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেক কম। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের তথ্য মতে, ২০১৪ সালের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার মাত্র ১.৬ শতাংশ অনলাইন অ্যাকসেস করে। ওই বছর সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আল-শাবাব ইসলামি উগ্রপন্থীদের হুমকির মুখে ৩জি মোবাইল ফোন সেবা বন্ধ করে দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা এখনও কার্যকর রয়েছে।

দেশটিতে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকলেও, তা অনেক বেশি দামি ও ধীরগতির বলে অভিযোগ ব্যবহারকারীদের।

এর চেয়ে নির্ভরযোগ্য সংযোগ সেবা দেওয়ার কারণে দেশটির শহুরগুলোতে ইন্টারনেট ক্যাফেগুলো ‘বেশ জনপ্রিয়’ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।