২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার স্পিকার আনল অ্যাপলও

‘হোমপড’ নামের কণ্ঠ-নিয়ন্ত্রিত স্পিকার উন্মোচন করেছে মার্কিন  টেক জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 05:06 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

ব্যবহারকারী কোন গান শুনবেন তা নিয়ে পরামর্শ দেওয়া আর ঘরের তাপমাত্রা মানিয়ে নেওয়ার মতো কাজ করতে পারবে এই স্পিকার। সোমবার শুরু হওয়া ডেভেলপারপদের নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর এবারের আসরে অ্যাপল এই ডিভাইস উন্মোচন করে। অ্যামাজনের অ্যালেক্সা ফিচার আর ইকো ডিভাইসগুলোর দিকে লক্ষ্য রেখেই অ্যাপল এই স্পিকার এনেছে, এমন মন্তব্য এসেছে রয়টার্স-এর প্রতিবেদনে।

Image
ছবি- রয়টার্স

ছবি- রয়টার্স

ওই প্রতিবেদনে আরও বলা হয়, আইফোন বিক্রি কমে যাওয়ায় সৃষ্ট মন্দা অবস্থা কাটাতে আর প্রতিষ্ঠানটির আরও অর্থকরী অ্যাপ ও সেবায় আরও বেশি গ্রাহক আনতে নতুন উপায় হিসেবে এই ডিভাইস উন্মোচন করেছে অ্যাপল। এই পদক্ষেপের মাধ্যমে দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম অ্যাপল সম্পূর্ণ ভিন্ন কোনো খাতে প্রবেশ করল।

৩৪৯ মার্কিন ডলারের এ স্পিকারের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে অ্যাপলের সিরি অ্যাসিস্ট্যান্ট। তারপর সিরির সঙ্গে মিলে এই স্পিকার অ্যাপল মিউজিক সেবা থেকে গানের বাছাই করে দিতে পারবে। সেইসঙ্গে টেক্সট মেসেজ পাঠানো, সংবাদ জানানো, খেলার খবর জানানো আর লাইটবাল্ব ও থার্মোস্ট্যাট-এর মতো হোম গ্যাজেটগুলো নিয়ন্ত্রণও করতে পারে এটি।

Image
ছবি- রয়টার্স

ছবি- রয়টার্স

রয়টার্স-এর প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালেক্সা’র তুলনায় সিরি’র সক্ষমতার অভাবের কারণে হোমপ্যাড ব্যবহারকারীরা শুরুর দিকে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারেন। অ্যালেক্সার মাধ্যমে ব্যবহারকারীরা লাখ লাখ ধরনের অ্যামাজন পণ্য অর্ডার ও ডোমিনো’স-এর মতো রেস্তোঁরা থেকে খাবার অর্ডার করতে পারেন।

সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট-এ আরও বেশি ধরনের অ্যাপ আনার বিষয়ে চলতি সপ্তাহে অ্যাপল তাদের পরিকল্পনা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তবে, শুরুর দিকের পরিবর্তনে অল্প সংখ্যক সক্ষমতা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।  

হোমপডটি লম্বায় ১৮ সেন্টিমিটারের চেয়েও কম আর এটি সাদা বা ধূসর রঙের কাপড়ের জালে ঢাকা। 

Image
ছবি- রয়টার্স

ছবি- রয়টার্স

Image
ছবি- রয়টার্স

ছবি- রয়টার্স

চলতি বছর ডিসেম্বরে অ্যাপল যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর অস্ট্রেলিয়ায় হোমপড-এর চালান শুরু করবে। ২০১৪ সালের সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচের ঘোষণা দেওয়ার পর এই স্পিকার অ্যাপলের প্রথম কোনো নতুন ডিভাইস হিসেবে চিহ্নিত হয়েছে।

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যালফাবেট-এর গুগল অ্যাসিস্ট্যান্ট-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সিরি এখন বিভিন্ন ডিভাইসে কাজ করবে। 

অ্যাপল ওয়াচে আনা নতুন সিরি ইন্টারফেইস-এর সঙ্গে ব্যবহারকারীদের ক্যালেন্ডার ও এয়ারলাইন টিকেট-এর মতো অন্যান্য বিষয়ের তথ্য যুক্ত হবে।

এ অনুষ্ঠানে আইফোন আর আইপ্যাডের জন্য অগমেন্টেড রিয়ালিটি অ্যাপ্লিকেশন তৈরিতে ডেভেলপারদের জন্য বিভিন্ন টুলও এনেছে প্রতিষ্ঠানটি।