২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডার্ক ডেটা’ প্রতিষ্ঠানকে কিনল অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ল্যাটিস ডেটা অধিগ্রহণ করেছে টেক জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 03:47 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

সাম্প্রতিক সময়ে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজেদের অবস্থান মজবুত করতে বিনিয়োগ বাড়াতে দেখা গেছে। এবার ল্যাটিস ডেটা প্রতিষ্ঠানকে কিনে এই খাতে নিজেদের অবস্থান পোক্ত করলো অ্যাপল।

এআইভিত্তিক ইঞ্জিন দিয়ে অনিয়ন্ত্রিত ‘ডার্ক’ ডেটাকে কাঠামোগত তথ্যে রূপান্তরের কাজ করে থাকে ল্যাটিস ডেটা।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি কিনতে তাদের ২০ কোটি মার্কিন ডলার দিয়েছে অ্যাপল। কয়েক সপ্তাহ আগেই এ চুক্তি করা হয়েছে এবং ইতোমধ্যেই এতে ২০ জন প্রকৌশলী যোগ দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

টেকক্রাঞ্চ-কে অ্যাপলের এক মুখপাত্র বলেন, “অ্যাপল সময়ে সময়ে ছোট ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানকে কিনে থাকে এবং সাধারণত আমরা এর উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করি না।”

২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় ল্যাটিস ডেটা। কিন্তু এ যাবত পর্দার আড়ালেই ছিল প্রতিষ্ঠানটি। আগের বছর জিভি, ম্যাড্রোনা এবং ইনকিউটেল-এর কাছ থেকে দুই কোটি মার্কিন ডলার তহবিল জোগাড় করেছে তারা।

এখন প্রশ্ন উঠতে পারে ‘ডার্ক ডেটা’ কী? টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, আমাদের সংযুক্ত ডিজিটাল বিশ্ব দ্রুত ডেটা তৈরি করছে। ২০১৩ সালে মোট ডেটার পরিমাণ ছিল ৪.৪ জেটাবাইট। ধারণা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে এর পরিমাণ হবে ৪৪ জেটাবাইট। আইবিএম-এর ধারণা আজ পর্যন্ত যে পরিমাণ ডেটা রয়েছে তার মধ্যে ৯০ শতাংশই আগের দুই বছরে তৈরি হয়েছে।

এই ডেটার মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশই অনিয়ন্ত্রিত। এর মধ্যে বেশির ভাগই প্রসেস বা বিশ্লেষণ করা যায় না। এই ধরনের ডেটাকেই বলা হচ্ছে ডার্ক ডেটা।

ল্যাটিস ডেটা’র এই প্রযুক্তি অ্যাপল কীভাবে ব্যবহার করবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।