ব্যাংক অফ ফ্রান্স-এর সতর্কতা জারি
প্রতিষ্ঠানের মূল নাম, লোগো আর ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে ফিশিংয়ের চেষ্টা বেড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক।
এ নিয়ে দেশের জনগণকে ‘সতর্ক’ থাকতে এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে ব্যাংক অফ ফ্রান্স, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
এদিকে সম্প্রতি সাইবার হামলায় বন্ধ ছিল দেশটির কয়েকটি সংবাদ সাইট, এই সাইটগুলোর মধ্যে লো মঁদ এবং লো ফিগারো-ও রয়েছে। সংবাদ সাইটগুলোর দ্রুতগতির কন্টেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান কোডেক্সিস-এ সাইবার হামলার কারণে সাইটগুলো বন্ধ হয়ে যায়, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
কোডেক্সিস-এর পক্ষ থেকে বলা হয়, “তারা একটি ‘অনন্য এবং আধুনিক’ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক (ডিডিওএস)-এর সম্মুখীন হয়েছে। যখন হামলা চালানো হয় তখন ভাইরাসযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক লক্ষ্য করে ডেটার জন্য ক্রমাগত অনুরোধ করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না নেটওয়ার্ক এটি আর নিতে পারেনি।”
দেশটির ম্যাগাজিন লো’অবস-ও হামালায় আক্রান্ত হয়েছে। আর বেশ কিছু ফরাসি উৎপাদনকারী প্রতিষ্ঠানও এ হামলায় ভুক্তভোগী হয়েছে বলে উল্লেখ করা হয়।
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে সেসময়ের প্রেসিডেন্ট পদপ্রার্থী ইমানুয়েল মাক্রোঁ-এর প্রচারাভিযানের তথ্য হ্যাক করে তা ছড়িয়ে দেওয়ার পর থেকেই দেশটিতে সাইবার নিরাপত্তায় বাড়তি মনযোগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে রয়টার্স-এর আরেক প্রতিবেদনে।
