২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ায় ঘৃণাত্মক পোস্ট সরাতে হবে ফেইসবুককে

ঘৃণাত্মক বিবৃতি হিসেবে বিবেচিত পোস্টগুলো অবশ্যই সরাতে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুককে আদেশ দিয়েছে অস্ট্রিয়ার একটি আদালত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

আন্তর্জাতিক প্রভাবের কারণে দেওয়া এক রায়ে এই আদেশ দেওয়া হয়েছে।

অস্ট্রিয়ার রাজনৈতিক দল গ্রিন পার্টি’র নেতা ফেইসবুক-এর একটি ভুয়া অ্যাকাউন্টের লক্ষ্যে পরিণত হওয়ার পর এই মামলা করা হয়। আদালতের পক্ষ থেকে বলা হয়, শুধু অস্ট্রিয়া-ই নয়, বিশ্বব্যাপী দেওয়া এমন পোস্টগুলো মুছে ফেলতে হবে। এ নিয়ে সোশাল জায়ান্টিটির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। 

সামাজিক মাধ্যম প্লাটফর্মগুলোতে ‘অনলাইন ট্রলিং’ ঠেকাতে চেষ্টা চালানো প্রচারণাকারীদের জন্য এই রায়কে একটি জয় হিসেবে দেখা হচ্ছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা’র এক আপিল আদালতের রায়ে বলা হয়, গ্রিন পার্টির নেতা ইভা গ্লাউইশনিগ-এর বিরুদ্ধে দেওয়া পোস্টগুলো সরাতে হবে। সেখানে আরও বলা হয়,  প্লাটফর্মটি শুধু অস্ট্রিয়াতেই পোস্টগুলো ব্লক করে, আর দেশটির বাইরের ব্যবহারকারীদের কাছ থেকে এগুলো সরানোর পদক্ষেপ যথেষ্ট নয়।

এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা ফেইসবুকের জন্য সহজ বলেও মন্তব্য আদালতের। গ্রিন পার্টির এক আইনপ্রণেতা ডিয়েটার ব্রসজ বলেন, ঘৃণাত্মক পোস্টগুলো ঠেকাতে ফেইসবুকের দ্বায়িত্ব নেওয়া উচিত।

ঘৃণাত্মক পোস্টগুলো সরাতে ব্যর্থ হওয়া নিয়ে ফেইসবুক, টুইটার আর গুগলের মতো ইন্টারনেট জায়ান্টগুলো বিভিন্ন দেশে চাপের মুখে আছে।