২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএসএ টুডে’র অর্ধেক লাইকই ‘ভুয়া’

ভুয়া ব্যবহারকারী দিয়ে ভরে গেছে মার্কিন দৈনিক ইউএসএ টুডে-এর ফেইসবুক পেইজ, এমনটাই দাবি দৈনিকটির মূল প্রতিষ্ঠান গ্যানেট কো.-এর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 04:16 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

এ নিয়ে তদন্ত চালাতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-কে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব মতে, ফেইসবুক পেইজটি ফলো করা ফেইসবুক অ্যাকাউন্টগুলোর মধ্যে অর্ধেকই বট।

সম্প্রতি ফেইসবুক লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে নিলেও, আরও বেশি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা সম্ভব হয়েছে।

অ্যাকাউন্ট মুছে দেওয়ার কারণে দৈনিকটির ফেইসবুক পেইজে ‘লাইক’-এর সংখ্যা ১.৫২ কোটি থেকে ৮২ লাখে নেমে গেছে, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। 

এ নিয়ে ইউএসএ টুডে-এর এক প্রতিবেদনে ফেইসবুক মুখপাত্র শাবনাম শায়েক বলেন, “আমরা জানি না কেন অন্যান্য প্রকাশকদের তুলনায় ইউএসএ টুডে’র ফেইসবুক পেইজে প্রভাবটা এত বেশি পড়ল।” এ ক্ষেত্রে বটচালিত অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন প্রতিবেদনের পোস্টে কমেন্ট করা, একে অন্যের কমেন্টে রিপ্লাই দেওয়া আর ফেইসবুক পেইজটিসহ বিভিন্ন পোস্টে ‘লাইক’ দিতে দেখা গেছে।

গানেট কো-এর কর্মকর্তা ম্যারিবেল পেরেজ ওয়াডসোর্থ বলেন, “আমাদের দিক থেকে, হাতে থাকা এ সমস্যা সমাধানে আমরা যতটা নিয়ন্ত্রণ করতে পারি ততটা আমরা করেছি।”

“ফেইসবুক যাতে তাদের প্লাটফর্মে এ সমস্যা সমাধান করে তা নিয়ে আমরা সামনে তাকিয়ে আছি যাতে আমরা সামনে আগাতে পারি ও ইতিবাচকভাবে আমাদের পাঠকদের সঙ্গে যুক্ত হতে পারি।”

গ্যানেট কো-এর সেবাদাতা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপ্রিন্ট বিবিসি-কে বলেন, তারা এই পেইজে সন্দেহজনক অ্যাকাউন্টগুলো শনাক্তকরণ ও এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছেন।

এফবিআই এ নিয়ে কোনো তদন্ত শুরু করেছে কিনা তা নিয়ে বিবিসি এফবিআই-কে জিজ্ঞাসা করলেও, গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। 

ফেইসবুক-কে এ নিয়ে মন্তব্য করতে অনুরোধ করা হলেও তারা কোনো জবাব দেয়নি, বলা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।