২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে সাইবার হয়রানির ৩২.৫ শতাংশ ফেইসবুকে

২০১৬ সালে যুক্তরাজ্যে রিভেঞ্জ পর্ন, হয়রানিসহ হওয়া সাইবার নিপীড়ন মামলার ৩২.৫ শতাংশের ক্ষেত্রেই ফেইসবুক ব্যবহার করা হয়েছিল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 07:35 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি হয়ত হয়রানিকারীদের জন্য একটি ‘নিরাপদ স্বর্গের’ মতো প্লাটফর্ম করে দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে। সাইটটিতে যৌন পীড়ন, রিভেঞ্জ পর্ন প্রকাশ করে ব্ল্যাকমেইল করা বা প্রতারণা করা ও অনলাইন হয়রানিমূলক প্রচারণার প্রমাণও পাওয়া গেছে, আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়।

উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করা দেশটির এক প্রতিষ্ঠান পার্লামেন্ট স্ট্রিট-এর প্রধান পরিচালন কর্মকর্তা ক্লেয়ার আমব্রোসনি বলেন, “ফেইসবুক এখনও তাদের ব্যবহারকারীদের সাইবার নিপীড়নের হাত থেকে রক্ষায় যথেষ্ট কাজ করছে না আর এ নিয়ে প্রতিষ্ঠানটির পদক্ষেপ নেওয়া উচিত।” 

“ফেইসবুক খুবী কমবয়সীদের কাছে পছন্দের মাধ্যম আর তাদেরকে নিরাপদ রাখা প্রতিষ্ঠানটির জন্য অপরিহার্য।”

পার্লামেন্ট স্ট্রিট-এর গবেষণার সূত্রমতে, ২০১৬ সালে যুক্তরাজ্যে পুলিশের কাছে রিভেঞ্জ পর্ন আর হয়রানিসহ সাইবার নিপীড়নের ১৯৩২০টি ঘটনার অভিযোগ এসেছে। এর মধ্যে পুলিশ ৬৩০০টি ঘটনা নিয়ে পদক্ষেপ নিয়েছে।

২০১৬ সালের এসব মামলার মধ্যে ৩২.৫ শতাংশ ফেইসবুকের সঙ্গে জড়িত আর টুইটারের ক্ষেত্রে অংকটা ০.৯ শতাংশ। যদিও যুক্তরাজ্যে ব্যবহৃত সামাজিক মাধ্যমের মধ্যে পাঁচ শতাংশ টুইটারের দখলে। 

এ নিয়ে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “আমরা ফেইসবুকে মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গেই নেই। তবে, কেউ যদি মনে করেন যে তারা আসলেই ক্ষতিগ্রস্থ হতে পারেন, তবে আমরা তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করব।”

“দুঃখের বিষয় অনলাইন আর অফলাইনে মানুষকে হয়রানি করে এমন ক্ষতিকর মানুষ সবসময়ই থেকে যায়।”