২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে আসছে ফেইসবুকের টিভি অনুষ্ঠান?

টেলিভিশন অনুষ্ঠান খাতে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ২৪টি অনুষ্ঠান চালু করবে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে খবর বেরিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 06:53 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

শুক্রবার ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি ‘হাউস অফ কার্ডস’-এর মতো লম্বা সময়ের অনুষ্ঠানের পাশাপাশি ৫-১০ মিনিটের ছোট অনুষ্ঠানও বানাবে, এই অনুষ্ঠানগুলো প্রতিদিন ফেইসবুক অ্যাপের ভিডিও ট্যাগে জুড়ে দেওয়া হবে। 

ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, “প্রতি বছর টেলিভিশন বিজ্ঞাপনে খরচ হওয়া শত শত কোটি ডলারকে নিজেদের ব্যবসায় নিয়ে আসতে এটি প্রতিষ্ঠানটির একটি বড় পদক্ষেপ-- যা ফেইসবুকের উন্নতির একটি প্রধান সুযোগ, ইতোমধ্যে আরও বিজ্ঞাপন দেখানোর জন্য প্রতিষ্ঠানটির নিউজ ফিডের জায়গা শেষ হতে চলেছে।”

ফেইসবুকের বানানো অনুষ্ঠানের মধ্যে কন্ডে ন্যাস্ট এন্টারটেইনমেন্ট-এর বানানো একটি ভার্চুয়াল রিয়ালিটি ডেটিং অনুষ্ঠানও থাকছে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য অনুষ্ঠানের জন্য ফেইসবুক ‘প্রথমসারির তারকাদের’ ধরতে চাচ্ছে, আর নাম প্রকাশ না পাওয়া বড় এক তারকা ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বর্তমানে ফেইসবুক নিজস্ব ভিডিও প্রোগ্রামিং বানাতে পারেন এমন লোক খুঁজছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি শীঘ্রই হলিউডে প্রবেশ করতে চাচ্ছে এমন টেক জায়ান্টদের তালিকায় চলে আসবে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

এ খবর প্রকাশের আগের সপ্তাহে লিংকডইন-এ ফেইসবুকের পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে, এর মাধ্যমে একজন চলচ্চিত্র প্রযোজকের সন্ধান করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে ফেইসবুক এপ্রিলের মাঝামাঝি সময়ে টিভি অনুষ্ঠান বের করার পরিকল্পনা করেছিল, পরে তা পিছিয়ে যায়। এবারও এই সময় পেছাতে পারে।

মার্কিন সাইটটির প্রতিবেদনে বলা হয়, ফেইসবুক কান লায়নস বিজ্ঞাপন উৎসবে তাদের যাত্রা শুরু করতে চায়, এই উৎসব চলতি বছর ১৭ জুন শুরু হবে।”