কমবয়সীদের লক্ষ্য করে ফেইসবুক?
ফাঁস হওয়া এক দলিল নিয়ে আলোচনার মধ্যে নিরাপত্তাহীন কমবয়সীদের বিজ্ঞাপন প্রদর্শনের লক্ষ্য হিসেবে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক।
এক গবেষণাপত্রের বরাতে অস্ট্রেলীয় এক দৈনিকের প্রতিবেদনে কীভাবে কিশোর ব্যবহারকারীরা তাদের নিজেদের ছবি, ওজন কমানো আর অন্যান্য বিষয় নিয়ে তথ্য প্রকাশ করছে তা তুলে ধরা হয়। ওই গবেষণাপত্রটি প্রকাশ করেনি দৈনিকটি। ওই গবেষণা বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক। কিন্তু দৈনিকটির এই প্রতিবেদন ‘ভুল দিকে নির্দেশ করে’ বলে দাবি প্রতিষ্ঠানটির, খবর বিবিসি’র।
সোশাল জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়, “ফেইসবুক কারও আবেগময় অবস্থার উপর ভিত্তি করে তাকে লক্ষ্য করার কোনো টুল দেয় না। ওই গবেষণা অস্ট্রেলীয় এক গবেষকের করা, কীভাবে মানুষ ফেইসবুকে তাদেরকে প্রকাশ করে তা বুঝতে বিপনণকারীদের সহায়তা করার উদ্দেশ্যেই ওই গবেষণা চালানো হয়।”
“এটি কখনোই বিজ্ঞাপন লক্ষ্য করে ব্যবহৃত হয়নি আর পরিচয়হীন ও একত্র করা ডেটার উপর ভিত্তি করে বানানো হয়েছে।”
“আমরা যেসব গবেষণা করি সেগুলো যাচাইয়ে ফেইসবুকের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে। এই গবেষণা এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি আর আমরা এটি ভুল সংশোধনে বিস্তারিত যাচাই করছি।”
দ্য অস্ট্রেলিয়ান নামের ওই দৈনিকের খবর অনুযায়ী, ওই গবেষণা প্রতিবেদন বড় কয়েকটি অস্ট্রেলীয় ব্যাংকে কাজ করা বিপনণকারীরা দেখেছেন। ফেইসবুক কর্মকর্তা ডেভিড ফার্নান্দেজ আর অ্যান্ডি সিন এই গবেষণা প্রতিবেদন লিখেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘হতাশ’, ‘উদ্বিগ্ন’, ‘বোধহীন’, ‘বিহ্বল’, ‘ব্যর্থ’, ‘নিরীহ’ বা ‘পরাজিত’ অনুভব করছেন এমন ব্যবহারকারীদের পোস্ট আর ছবিগুলো পর্যবেক্ষণে ফেইসবুকের সক্ষমতা রয়েছে।
শুধু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড-এর ব্যহারকারীদের নিয়েই এই গবেষণা চালানো হয়।
২০১৪ সালে একবার জানা যায়, প্রতিষ্ঠানটি উদ্দেশ্যমূলকভাবে সাত লাখ ব্যবহারকারীর নির্দিষ্ট ধরনের কনটেন্ট প্রদর্শন করে ও তাদের আবেগকে কাজে লাগানো যায় কিনা তা যাচাই করে, বলা হয় ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।
