ইমেইল পাঠিয়ে জরিমানায় ফ্লাইবি
গ্রাহকদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে ইমেইল পাঠানোর কারণে জরিমানা করা হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ‘ইনডিপেনডেন্ট এয়ারলাইন’ ফ্লাইবি-কে।
২০১৬ সালের অগাস্টে গ্রাহকদের ৩৩ লাখ বিপণনী ইমেইল পাঠায় প্রতিষ্ঠানটি। তাদেরকে যাতে এ ধরনের ইমেইল দেওয়া না হয় এজন্য অপশন বাছাই করেছিলেন এসব গ্রাহক।
গ্রাহকের অসম্মতি থাকার পরও তাদেরকে ইমেইল পাঠানোর কারণে ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে ফ্লাইবি-কে, জানিয়েছে বিবিসি।
সে সময় গ্রাহকদের পাঠানো ইমেইলে তাদেরকে পুরানো ব্যক্তিগত তথ্য আপডেট করতে বলা হয়। আর তাদের বিপণনী পছন্দগুলোও বাছাই করতে বলা হয়। তাদেরকে পুরস্কার পাওয়ারও সুযোগ দেয় ফ্লাইবি।
জরিমানার ব্যাপারে নীতি নির্ধারক বলছেন, ইমেইল পাঠানোর আগে অবশ্যই গ্রাহকের সম্মতি নেওয়া উচিত ছিল ফ্লাইবি’র।
“সঠিক সম্মতি ছাড়া গ্রাহককে এমন ইমেইল পাঠানো যাতে বলা হচ্ছে তিনি বিপণনী ইমেইল চান কিনা, এটাও একটা বিপণন এবং আইন বিরুদ্ধ,” বলেন ইনফরমেশন কমিশনারের অফিস-এর প্রয়োগ সংস্থার প্রধান স্টিভ একেরস্লি।
তিনি আরও বলেন, “ফ্লাইবি-র মামলায় প্রতিষ্ঠানটি জেনেশুনে তাদের সঙ্গে যোগযোগ করেছে যারা আগেই ইমেইল পেতে অসম্মতি জানিয়েছেন।”
একই ধরনের আইন ভঙ্গের কারণের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর ইউরোপ-কে ১৩ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। বিপণনী ইমেইল পেতে গ্রাহকের চাহিদা জানতে ২৮৯৭৯০টি ইমেইল পাঠায় এই প্রতিষ্ঠান।
হোন্ডার পক্ষ থেকে দাবী করা হয়েছে তাদের এই ইমেইলগুলো বিপণনী ছিল না। আর আইন ভঙ্গের জন্য ভুক্তভোগী গ্রাহকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে ফ্লাইবি।
