প্রত্যাশা ছাড়িয়ে অ্যাডোবি’র আয়
বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো আয় এবং লাভের কথা জানিয়েছে মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি সিস্টেমস।
রয়টার্স জানায়, প্রতিষ্ঠানের ‘ক্রিয়েটিভ ক্লাউড’ সফটওয়্যার প্যাকেজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আয় বেড়েছে অ্যাডোবি’র। ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যার প্যাকেজের মধ্যে বেশ কিছু সফটওয়্যার রয়েছে, এর মধ্যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর রয়েছে।
বৃহস্পতিবার দিন শেষে অ্যাডোবি’র শেয়ার মূল্য ৩.৬ শতাংশ বেড়ে ১২৬.৭৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
প্যাকেজ সফটওয়্যারের লাইসেন্সের পরিবর্তে ওয়েবভিত্তিক সাবস্ক্রিপশন চালু করেছে অ্যাডোবি। আর এটিকে প্রতিষ্ঠানের লাভের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানের নতুন এ উদ্যোগ টানা সাত প্রান্তিক ধরে দুই অংকের আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলেও ধারণা করা হচ্ছে।
গ্রিফিন সিকিউরিটিস-এর বিশ্লেষক জেই ভ্লেসুভার জানান, আডোবি’র ব্যবসায়িক মডেলে পরিবর্তনের কারণে সময়ের সঙ্গে শুধু লাভই বাড়বে না প্রতিষ্ঠানের নগদ লেনদেনও বাড়বে।
এ প্রান্তিকে ক্রিয়েটিভ ক্লাউডের মতো ডিজিটাল মিডিয়া ব্যবসা থেকে অ্যাডোবি’র আয় হয়েছে ১১৪ কোটি মার্কিন ডলার। ধারণা করা হয়েছিল এই খাতে আয় হবে ১১১ কোটি মার্কিন ডলার।
চলতি বছরের ৩ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানের নিট আয় বেড়েছে ৩৯ কোটি ৮৪৫ মার্কিন ডলার বা প্রতি শেয়ারে ৮০ সেন্ট। চলতি বছরের শুরতে এই আয় বৃদ্ধি ছিল ২৫ কোটি ৪৩১ মার্কিন ডলার বা শেয়ার প্রতি ৫০ সেন্ট।
টানা ১২ প্রান্তিকে সর্বমোট আয়ও বেড়েছে অ্যাডোবির। ১৩৮ কোটি মার্কিন ডলার থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ কোটি মার্কিন ডলারে।
