২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার গর্ত চিনবে ফোর্ড-এর গাড়ি

রাস্তায় থাকা গর্ত আর ভাঙা অংশ শনাক্ত করতে ও কোথায় কোথায় এমন জায়গা আছে তা চালককে সতর্ক করতে নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2017, 04:16 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

এ ক্ষেত্রে ক্যামেরাযুক্ত গাড়িগুলো চলার সময় অব্যাহতভাবে রাস্তা স্ক্যান করতে থাকবে। স্ক্যানে শনাক্ত হওয়া গর্তগুলোর ডেটা অন্যান্য গাড়িচালকদের ড্যাশবোর্ডেও দেখানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জার্মানিতে প্রতিষ্ঠানটির গবেষণা কেন্দ্রে এই ধারণা নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। 

এ নিয়ে এক বিশেষজ্ঞ জানান, রাস্তার গর্ত এড়াতে বিকল্প পথে যাওয়া সব সময় সম্ভব নাও হতে পারে। ফোর্ড-এর গবেষণা প্রকৌশলী ইউয়ি হফম্যান বলেন, “একটি ভার্চুয়াল মানচিত্রে রাস্তায় কোনো গর্ত দেখার পর মিনিটের মধ্যে তা যুক্ত করা যেতে পারে আর প্রায় তাৎক্ষণিকভাবে অন্যান্য চালকদের সামনে যে এমন বাজে অবস্থা আছে তা নিয়ে সতর্ক করতে পারে।”

“আমাদের গাড়িগুলোতে ইতোমধ্যে এমন ফিচারের সেন্সর আছে যা রাস্তার গর্তগুলো শনাক্ত করতে পারে আর এখন আমরা শুধু একে পরবর্তী মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি’র কম্পিউটার ভিশন বিশেষজ্ঞ টবি ব্রেকন বলেন, “পথের গর্ত শনাক্তকরণ পদ্ধতিটি যে ভালো তা নিয়ে আমি সন্তুষ্ট- যদিও আমি এটা ভাবছি যে রাস্তায় তুষার আর বরফ পড়ে থাকলে পথের গর্ত শনাক্তকরণ কেমন হবে।”

স্বয়ংক্রিয়ভাবে রাস্তার গর্তের তথ্য শনাক্ত করবে গাড়িতে এমন সেন্সর যুক্ত ব্যবস্থা নিয়ে কাজ করার কথা এর আগে ২০১৫ সালে জাগুয়ার ল্যান্ড রোভারও জানিয়েছিল।